বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার গ্যারেথ বেল উরুর ইনজুরির কারণে চ্যাম্পিয়নস লিগে এফ সি কোপেনহেগেনের বিপক্ষে মাঠে নামতে পারেননি। যদিও ওয়েলশ জাতীয় দলের হয়ে বিশ্বকাপের জন্য ঘোষিত দলে তার নাম আছে।
রিয়াল মাদ্রিদ অবশ্য বেলের অনুপস্থিতির পরও ৪-০ গোলে জয়ী হয়। আর দলটির কোচ কার্লো আনচেলত্তি বলেছেন বেলের ইনজুরি নিয়ে তিনি মোটেই চিন্তিত নন। এই নিয়ে দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মত উরুর সমস্যার কারণে মাঠের বাইরে থাকতে হলো বেলকে। এর আগে গেতাফে এবং এলচের বিপক্ষে লা লিগার ম্যাচেও তিনি খেলতে পারেননি। এই ইনজুরির কারণে শনিবার লেভান্তের মাঠে অনুষ্ঠেয় খেলাটিতেও তার অংশ নেয়া হবে না।
এরকম পরিস্থিতির পরও বিশ্বকাপ বাছাইয়ে ম্যাসেডোনিয়া ও বেলজিয়ামের বিরুদ্ধে খেলাদুটির জন্য ঘোষিত ওয়েলশ জাতীয় দলে তাকে রাখা হয়েছে। তবে ২৪ বছর বয়সী খেলোয়াড়টির সর্বসাম্প্রতিক অবস্থা বিবেচনায় মনে হয় না যে তাকে খেলানো হবে। ইউরোপীয় অঞ্চলের বাছাইয়ে ‘এ’ গ্রুপে থাকা ওয়েলশ বর্তমানে নিচে অবস্থান করছে। আনচেলত্তি অবশ্য তাকে না খেলানোর ইঙ্গিতই দিয়েছেন।
আনচেলত্তি সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা মোটেই চিন্তিত নই। সামান্য কিছু সমস্যার কারণে সে খেলতে পারেনি। স্ক্যানে বিশেষ কিছু ধরা পড়েনি। প্রাক মৌসুম তার খুব একটা ভাল কাটেনি। এ কারণেই পুরোপুরি সুস্থ হয়ে উঠতে তার কিছুটা সময় লাগবে। এখন আমাদের হাতে কিছুটা সময় রয়েছে। কারণ আমাদের হাতে দুই সপ্তাহের একটি ছুটি আছে। আশা করছি এই সময়ের মধ্যে সে সুস্থ হয়ে উঠতে পারবে। পুরো বিষয়টিতে সে মোটেই খুশী নয়। এটাই স্বাভাবিক।’
বাসস
