পাপনের জন্য ভোট চাইল ঢাকা ক্রিকেট ক্লাব সমিতি

আপডেট : ০৩ অক্টোবর ২০১৩, ২২:০৩
মতিঝিলস্থ মোহামেডান ক্লাব টেন্টে ভিড়, ক্লাব কর্মকর্তারা এসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনী প্রচারণায়। ক্লাবের বড় হল রুমটিতে ভিড়ে অনেকের জায়গাও হলো না। তাদের সাথে বিভিন্ন জেলা ও বিভাগীয় কর্মকর্তারাও অনেকে আছেন। বিসিবি’র অ্যাডহক কমিটির সভাপতি নাজমুল হাসান পাপন এমপির পক্ষে তার অনুসারীরা ভোটারদের হাতে হাত মেলাচ্ছেন। ভোট প্রার্থনা করছেন তারা। সবাই হাসিমুখে কথা দিচ্ছেন ভোট দেবেন বলে। প্রতিশ্রুতি অনেক শোনা গেল। তারাও অনেকে পাপনের প্রশংসা করছেন। এ সময় উপস্থিত ছিলেন ক্লাব সমিতির কর্মকর্তা লোকমান হোসেন ভুঁইয়া। কলাবাগান ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক নাজমুল করিম টিংকু মঞ্চে দাঁড়িয়ে ভোট প্রার্থনা করলেন। প্রাইম ব্যাংকের তানজিল চৌধুরি শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাউন্সিলর শওকত আজীজ রাসেল ভোট চাইলেন। তিনি ক্রিকেট বোর্ডে পরিবর্তনের পক্ষে। তার দাবি, পাপন নির্বাচিত হলে দেশের ক্রিকেটের জন্য মঙ্গল হবে। ঢাকা ক্রিকেট ক্লাব সমিতির সভাপতি মঞ্জুর কাদের পাপনের কাজের প্রশংসা করে বলেন, অনেক বাধা বিপত্তির পরও দেশের ক্রিকেট খেলাটা এই ছেলেটা যেভাবে চালাচ্ছে সেটা প্রশংসনীয়। সাবের চৌধুরিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘একটা মহল নির্বাচন নিয়ে যা করছে তা কাম্য নয়। সাবের উজ্জ্বল নক্ষত্র, উনি বড় মাপের সংগঠক ছিলেন। কিন্তু এক যুগ ধরে ক্লাব পৃষ্ঠপোষকতা করেননি। স্পোর্টসের সাথে সম্পৃক্ত ছিলেন না। আবাহনী থেকে কাউন্সিলরশিপ চেয়ে পাননি। উনি আগে ক্লাবের জন্য কাজ করুক। আগামীতে আমরাই তাকে সভাপতি পদে বসাবো। আমার সাবেরের প্রতি বিদ্বেষ নেই। টুটুলের প্রতি বিদ্বেষ নেই। উনারা যদি মেধাটাকে সঠিক কাজে লাগাতেন। সেটা ক্রিকেটের জন্য ভালো হতো।’ ফোরাম সম্পর্কে ঢাকা ক্রিকেট ক্লাব সমিতির এই সভাপতি বলেন, ‘ফোরামের সবাই খারাপ লোক না। কিছু মুষ্টিমেয় ব্যক্তির কারণে দুর্নাম হচ্ছে। ফুটবল ফেডারেশনের নির্বাচনে তারা গিয়ে নাক গলিয়ে টাকার খেলা খেলতে গিয়েছিলেন।’ মঞ্জুর কাদের ৫৮টি ক্লাবের মধ্যে ৪৮ ক্লাব তাদের সাথে রয়েছে দাবি করে বলেন, ‘আপনারা যারা ভোটার আছেন তারা পাপনকে ভোট দিতে পারেন। এই ছেলেটি অনেক স্বল্প সময়ের মধ্যে কাজ করে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। পাপন বিসিবির যোগ্য সভাপতি প্রার্থী।’