অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতকে এগিয়ে রাখলেন লক্ষ্মণ

আপডেট : ০৩ অক্টোবর ২০১৩, ২২:০৪
সাবেক টেস্ট ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ মনে করছেন বর্তমান ভারতীয় ক্রিকেট দলটি সাফল্যের জন্য আরো বেশি ক্ষুধার্ত এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজ জয় করতে উদগ্রীব। একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে গতকাল লক্ষ্মণ সাংবাদিকদের বলেন, ‘ভারতীয় দলে অনেক মেধাবী ক্রিকেটার রয়েছে যারা পারফর্ম করার জন্য মুখিয়ে আছে। নিজ মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন সিরিজটা তাদেরকে পরীক্ষা নেয়ার একটা ভাল সুযোগ হবে। আমি মনে করি, সিরিজ জয়ের ক্ষেত্রে ভারত ফেভারিট। সিরিজ জিততে হলে তাদেরকে জ্বলে উঠতে হবে।’ আগামী ১০ অক্টোবর রাজকোর্টে একমাত্র টি-২০ ম্যাচ খেলার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাতটি ওয়ানডে ম্যাচ খেলবে ভারতীয় দল। স্পোর্টস ইলাস্ট্রেটেড ইন্ডিয়ার বার্ষিক ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠানে ‘লাইফটাইম এচিভমেন্ট এ্যাওয়ার্ড’ (আজীবন সম্মাননা) দেয়া হয় গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া লক্ষ্মণকে। যুবরাজ সিংয়ের জাতীয় দলে ফেরার বিষয়ে এ হায়দ্রাবাদি বলেন, স্টাইলিশ এ ব্যাটসম্যানের দলে ফিরে আসাটা সময়ের ব্যাপার ছিল মাত্র। লক্ষ্মণ বলেন, ‘যুবরাজের ফিরে আসাটা অনুমিতই ছিল। সে এমন ধরনেরই একজন খেলোয়াড়। দীর্ঘদিন আপনি তাকে দলের বাইরে রাখতে পারবেন না। দলে তার অবদান অসামান্য। নিজের ফিটনেসের বিষয়ে সে কঠোর পরিশ্রম করেছে এবং ভারত এ সিরিজ ও চ্যালেঞ্জার ট্রফিতে তার ফল পেয়েছে।’ তিনি আরো বলেন, ‘আমি নিশ্চিত যে, তার উপস্থিতিতে অস্ট্রেলিয়া সিরিজে দল লাভবান হবে।’ -বাসস