বাম হাঁটুর ইনজুরিতে আক্রান্ত হয়ে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন চেলসির স্প্যানিশ অভিজ্ঞ স্ট্রাইকার ফার্নান্ডো টরেস। প্রিমিয়ার লীগের ক্লাবটি তাদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে।
মঙ্গলবার চ্যাম্পিয়নস লীগের গ্রুপ পর্বে রোমানিয়ান ক্লাব স্ট্যাটু বুখারেস্টের বিপক্ষে ৪-০ গোলে জয়ী ম্যাচে মাত্র ১১ মিনিট মাঠে ছিলেন টরেস। ম্যাচটিতে ইনজুরিতে আক্রান্ত হয়ে টরেস মাঠের বাইরে চলে যেতে বাধ্য হন। পরে চেলসির কোবহ্যাম ট্রেনিং সেন্টারে তার স্ক্যান রিপোর্টের ফলাফলে ইনজুরির মাত্রা ধরা পড়ে। সে কারণেই ২৯ বছর বয়সী টরেস আগামী তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন বলে লন্ডনের ক্লাবটি নিশ্চিত করে।
এর আগে গত রবিবার টটেনহ্যাম হটসপারের বিপক্ষে ১-১ গোলের ড্র ম্যাচটিতে দুটি হলুদ কার্ডের কারণে খেলতে পারেননি টরেস। এই ইনজুরির কারণে বেলারুস এবং জর্জিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে স্পেনের শেষ দুটি ম্যাচেও খেলতে পারবেন না স্প্যানিশ এই ফরোয়ার্ড। বাসস/এএফপি
