কাতার থেকে ২০২২ সালের বিশ্বকাপটি সরিয়ে নেয়া হবে না। ফিফা এটি নিশ্চিত করেছে। যদিও কাতারের তীব্র গরম আবহাওয়ার কারণে বিশ্বকাপের আয়োজন প্রয়াস নিয়ে সংশয়ে আছে ফুটবলের বিশ্বসংস্থা। সে কারণে বিশ্বকাপটি শীতে সরিয়ে নেয়া হতে পারে।
সামপ্রতিক মাসগুলোতে কাতারের বিশ্বকাপ আয়োজন প্রচেষ্টা নানা প্রশ্নের সম্মুখিন হচ্ছিল।
বিশেষ করে মরু দেশটিতে জুন ও জুলাইয়ের প্রচণ্ড গরমের কারণে অসহনীয় তাপমাত্রার কারণে কিভাবে বিশ্বকাপ আয়োজিত হবে তা নিয়ে। কাতারে এ সময়টায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে ওঠে। বলা হচ্ছে, এমনটা হলে তা খেলোয়াড় ও দর্শক উভয়ের জন্যই নিরাপদ হবে না।
এছাড়াও সামপ্রতিক সময়ে বিশ্বকাপের ভেন্যুগুলোয় নির্মাণ কাজে অভিবাসী শ্রমিকদের অমানবিকভাবে ব্যবহার এবং শোষণ করা হচ্ছে বলে অভিযোগ ওঠায় তা নিয়েও দেশটির উপর আন্তর্জাতিক চাপ আছে। বিশ্বকাপটির সংগঠকরাও জানিয়েছেন, এরকম কর্মপরিস্থিতি নিয়ে বৃটিশ এক পত্রিকায় তদন্ত রিপোর্ট ছাপা হওয়ায় তারাও ‘হতভম্ভ।’ বিবিসি জানিয়েছে, অভিবাসী শ্রমিকদের দুর্দশার বিষয়টি ফিফা পর্যবেক্ষণের আওতায় আনতে পারে।
অভিযোগটির প্রেক্ষিতে ফুটবল বিশ্বের কোন কোন মহলের মত হলো, এই বিশ্বকাপের বরাদ্দটি বাতিল করে তা যেন আবার নতুনভাবে দেয়ার উদ্যোগ নেয়া হয়। তবে ফিফা ভেন্যুর ব্যাপারে আগের সিদ্ধান্তেই দৃঢ় অবস্থান নিয়েছে। কিন্তু অন্যান্য বিষয়ে বিশেষ করে গ্রীষ্ম থেকে আসরটিকে শীতে সরানোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার জুরিখে ফিফার ২৫ সদস্যের নির্বাহী কমিটির দুইদিন ব্যাপী সভা শুরু হয়। গতকাল শুক্রবার রাতে এটি শেষ হওয়ার কথা।
ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার চান দিনক্ষণের ব্যাপারে নির্বাহী কমিটির সভায় একটি সমঝোতা হোক। ইউরোপের ফুটবল নেতৃত্ব আসরটি শীতে সরানোর ব্যাপারে নীতিগতভাবে একমত হয়েছেন। কিন্তু ইউরোপীয়ান ক্লাবগুলো, লিগ কর্তৃপক্ষ এবং খেলোয়াড়দের তরফে এর বিরোধিতা আছে। তাই ৫৪ সদস্যের উয়েফার সভাপতি মিশেল প্লাটিনি মনে করেন, এ ব্যাপারে আলোচনা দরকার।
প্লাটিনি চান কাতার বিশ্বকাপ হোক জানুয়ারিতে। ব্ল্যাটার চান নভেম্বর/ ডিসেম্বরে। এ বিষয়গুলো নিশ্চিত হতে পারে গত রাতের সভাটি শেষ হলে।
ফিফার সভায় সম্ভাব্য আলোচ্য বিষয়গুলোর মধ্যে আছে প্রচণ্ড গরমের কারণে বিশ্বকাপটিকে শীতকালে সরিয়ে নেয়া যায় কিনা তা খতিয়ে দেখা। তবে ফিফার তরফে নিশ্চিত করা হয়েছে যে, ভেন্যু সরানোর কোন আলোচনা হবে না।
এ ব্যাপারে জুরিখে ফিফার মুখপাত্র ওয়াল্টার ডি গ্রেগোরিও জানিয়ে দেন যে, ভেন্যুটি অন্যত্র সরানো হচ্ছে না। এ নিয়ে চলমান জল্পনায় বিশ্বকাপটি উপসাগরীয় দেশটিতেই হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘কোন সন্দেহ নেই। আলোচনার জন্য যে বিষয়টি উন্মুক্ত তা হলো আমরা শীতে খেলবো কিনা। সে রকম কিছু হলে এটা নভেম্বর, ডিসেম্বর না জানুয়ারিতে হবে সেটা অবশ্য আমি জানি না। তবে আমরা যে কাতারেই খেলবো এ নিয়ে কোন সন্দেহ নেই।’
