যুদ্ধ ও হানাহানির মধ্যে থাকা আফগানিস্তান তাদের ক্রীড়া ইতিহাসে আরো একটি মাহেন্দ্রক্ষণের দেখা পেল ৫০ ওভারের ক্রিকেটের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের সুবাদে। গতকাল সংযুক্ত আরব আমিরাতের শারজায় ওয়ার্ল্ড ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপে কেনিয়াকে সাত উইকেটে হারিয়ে ২০১৫ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপটিতে খেলা নিশ্চিত করে আফগানিস্তান।
আফগানরা ইতোমধ্যে দুইবার ২০১০ ও ২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেললেও ওয়ানডে ক্রিকেটে এই প্রথম। মাসখানেক আগে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতে আফগান ক্রীড়াঙ্গন নতুন ইতিহাস রচনার ফলশ্রুতিতে আরেকটি সাফল্যের দেখা পেল দেশটি। তারা এখন বিশ্বকাপের ‘এ’ গ্রুপে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলংকার ও বাছাই থেকে উঠে আসা আরো একটি দলের সাথে খেলবে।
শারজায় গতকালের খেলাটিতে জয়ের পর লিগ টেস্ট ঘরানার বাইরের দেশগুলোর মধ্যে আয়ারল্যান্ড ও আফগানিস্তান লিগ চ্যাম্পিয়নশিপের শীর্ষ দুই দল হিসেবে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলো।
আইরিশরা তাদের ১৪ খেলায় ১১টিতে জিতে এবং দুটিতে ড্রয়ের সুবাদে ২৪ পয়েন্ট পেয়ে এ কৃতিত্ব দেখায়। অপরদিকে আট দলের এই চ্যাম্পিয়নশিপে ১৯ পয়েন্ট পেয়ে রানার্স আপ হলো আফগানিস্তান। আফগানরা এই লিগে নয়টি জয় পেয়েছে।
নিয়ম অনুযায়ী ওয়ার্ল্ড ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপ থেকে শীর্ষ দুটি দল সরাসরি বিশ্বকাপে খেলবে। অপরদিকে পয়েন্ট টেবিলের নিচের ছয় দল সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, কেনিয়া, নামিবিয়া ও কানাডা আরো চারটি সহযোগী দেশ উগান্ডা, হংকং, নেপাল ও পাপুয়া নিউগিনির সাথে মিলে আগামী বছর নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপ বাছাইয়ে সহযোগী দেশগুলোর জন্য বরাদ্দকৃত শেষ দুটি আসন পূরণ করতে খেলবে।
পাকিস্তানের হয়ে ১৯৯৪ থেকে ২০০০ সালের মধ্যে চারটি টেস্ট ও ১০টি ওয়ানডে ক্রিকেট খেলা কবির খানের অধীনে এগিয়ে চলেছে। শারজায় তার দলটি ২ অক্টোবর কেনিয়াকে প্রথম খেলায় ৮৯ রানে গুটিয়ে দিয়েছিল। কালও বোলাররা একই অবদান রেখে বিপক্ষকে ৯৩ রানে বেধে দেয়। ফলে ঢাকা মোহামেডানের হয়ে চলতি লিগে খেলা মোহাম্মদ নবীর অপরাজিত ৪৬ রানে তিন উইকেট হারিয়ে ২০.৫ ওভারেই পৌঁছে যায় কাঙ্ক্ষিত লক্ষ্যে।
কেনিয়া ৪৩.৩ ওভারে অলআউট হয়ে গিয়েছিল। হামজা হোটাক একাই নেন তিন উইকেট। এছাড়াও হামিদ হাসান, করিম সাদিক ও মোহাম্মদ নবী দুটি করে উইকেট নেন।
