দুর্দান্ত জয়ে শীর্ষের আরো কাছে নাদাল

আপডেট : ০৪ অক্টোবর ২০১৩, ২১:২১
চায়না ওপেনের সেমিফাইনালে আজ টমাস বার্ডিচকে হারাতে পারলেই ২০১১ সালের পর প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে যাবেন রাফায়েল নাদাল। দুর্দান্ত এক প্রত্যাবর্তনে শেষ আটে ফ্যাবিও ফগনিনিকে হারিয়ে শেষ চার নিশ্চিত করা এই স্প্যানিয়ার্ড অবশ্য বললেন ‘এক নম্বর’ হওয়া নিয়ে তিনি মোটেই চিন্তিত নন । আর তাই বার্ডিচের বিরুদ্ধে বাড়তি কোন চাপও অনুভব করবেন না। এই মুহূর্তে র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা নাদাল কোয়ার্টার ফাইনাল শেষে বলেন, ‘এটা (এক নম্বর) আসলে এমন একটা বিষয় যা নিয়ে আমি মোটেই চিন্তিত নই। কারণ এই অভিজ্ঞতার ভেতর দিয়ে আমি এর আগেও গিয়েছি। তবে এটা যদি আবারও ঘটে তাহলে আমি খুশি হবো সন্দেহ নেই। আমার জন্য এটি দারুণ একটি বিষয়ই হবে। দেখা যাক কি হয়!’ র্যাঙ্কিং শীর্ষের চাইতে বরং প্রতিপক্ষকে নিয়েই বেশি চিন্তিত মনে হলো ফ্রেঞ্চ এবং ইউএস ওপেন শিরোপাধারীকে, ‘আমার সামনে দারুণ শক্ত এক প্রতিদ্বন্দ্বী অপেক্ষা করছে। হয়তো বর্তমান পরিস্থিতিই ম্যাচটিকে আলাদা একটা মাত্রা দান করেছে। কিন্তু দিন শেষে এটি কেবল আরেকটি ম্যাচই।’ তবে নাদালের যাত্রা থেমে যেতো পারতো কোয়ার্টার ফাইনালেই। প্রথম সেটে জেতার পর দ্বিতীয় সেটেও ফগনিনি এক পর্যায়ে এগিয়ে গিয়েছিলেন ৪-১ গেমে। তবে সপ্তম গেমে ইতালিয়ান প্রতিপক্ষের সার্ভে পয়েন্ট তুলে নেয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি প্রত্যাবর্তনের জন্য বরাবরই বিখ্যাত নাদালকে। সাতাশ বছর বয়সী এই বাঁহাতির পাওয়ার টেনিসের দুর্দান্ত প্রদর্শনী আর বেস লাইন থেকে মারা তীব্র গতির সব ফোরহ্যান্ডের কোন জবাব ছিল না ফগনিনির কাছে। শেষ পর্যন্ত ২-৬, ৬-৪, ৬-১ গেমে জয় নিয়ে কোর্ট ছাড়ার পর দারুণ উচ্ছ্বসিত নাদাল বলেন, ‘ম্যাচের গতি পাল্টাতে আমাকে কঠিন লড়াই করতে হয়েছে। তবে আপনি যদি র্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড়দের একজন হতে চান তাহলে আপনাকে এমন কিছু করতেই হবে। এমন সব সময়ে আপনাকে জিততে হবে যখন প্রায় সবকিছুই আপনার বিরুদ্ধে যাচ্ছিল।’ এদিকে জয় পেয়েছেন টানা ১০১ সপ্তাহ ধরে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা নোভাক জোকোভিচও। আমেরিকার স্যাম কুয়েরিকে ৬-১, ৬-২ গেমে উড়িয়ে দিয়ে শেষ চারে নাদালের সঙ্গী হয়েছেন এই সার্বিয়ান। সেখানে তার প্রতিপক্ষ হবেন ফ্রান্সের রিচার্ড গ্যাসকুয়েট। তবে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখতে হলে চলতি টুর্নামেন্টের শিরোপা ধরে রাখার পাশাপাশি আজই নাদালের বিদায়ও প্রার্থনা করতে হবে জোকোভিচকে। অন্যদিকে স্বাগতিক দর্শকদের হতাশায় ডুবিয়ে লোকাল ফেভারিট লি নাকে শেষ আটেই থামিয়ে দেন পেত্রা কভিতোভা। ৪-৬, ৬-২, ৬-৪ গেমে লিকে হারানো কভিতোভা ফাইনালে যাওয়ার লড়াইয়ে খেলবেন সার্বিয়ার ইয়েলেনা জ্যাঙ্কোভিচের বিরুদ্ধে। অন্য সেমিফাইনালে পোল্যান্ডের অগনেইস্কা রাদওয়ানস্কা খেলবেন কোয়ার্টার ফাইনালে ক্যারোলিন ওজনিয়াকিকে হারিয়ে বছরের ৭০তম জয় তুলে নেয়া শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামসের বিরুদ্ধে।