চাপে আছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ডেভিড ময়েস। জুলাই মাসে ফার্গুসনের স্থলাভিষিক্ত হওয়া কোচ ময়েসের দল আজ সান্ডারল্যান্ডের মাঠে খেলতে যাবে। তার আগে ২০০১ সালের দুর্ভাগ্যের পুনরাবৃত্তির শংকা দেখা দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের।
ম্যানচেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগে আর্সেনাল, চেলসি এবং ওয়েস্টহ্যামের বিপক্ষে টানা তিন ম্যাচে হেরেছিল ২০০১ সালে। তখন ইউনাইটেডের দায়িত্বে ছিলেন অ্যালেক্স ফার্গুসন। প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে আগের দুটি ম্যাচে ‘ম্যানচেস্টার ডার্বি’তে সিটি এবং ওয়েস্ট ব্রোমের কাছে হেরেছে দলটি। ছয় ম্যাচে সাত পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে ইউনাইটেড এখন ১২ নম্বর দল ।
একযুগ আগের সেই পরিস্থিতি এড়াতে জয় তুলে নিতে চাইবেন এই ইংলিশ কোচ। চাপটা অনুভব করছেন গতবারের শিরোপাধারী ইউনাইটেডের অধিনায়ক নেমানজা ভিডিচও, ‘আমাদের পর পর কয়েকটি জয় দরকার। তবে আমাদের অবস্থা খুবটা খারাপ না। শিরোপা প্রত্যাশী দলগুলোর অবস্থাও আমাদের থেকে খুব একটা ভালও না। আমরা জানি আমাদের উন্নতি করতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে।’
ওয়েন রুনি ইনজুরির কারণে সর্বশেষ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শাখতার ডোনেটস্কের বিপক্ষে মাঠে নামতে পারেননি। তবে আজ মাঠে ফিরবেন এই ইংলিশ স্ট্রাইকার। সেন্টার ব্যাক রিও ফার্দিনান্দ ইনজুরির কারণে মাঠে নাও নামতে পারেন।
পাওলো ডি ক্যানিও’র স্থলে ভারপ্রাপ্ত হয়ে সান্ডারল্যান্ডের কোচের দায়িত্ব নিয়ে দলের জন্য বিশেষ কিছু করতে পারেননি কেভিন বল। ছয় ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে তালিকায় সর্বনিম্ন স্থানে আছে সান্ডারল্যান্ড। ঘাড়ের ইনজুরির কারণে ছয় সপ্তাহের জন্য দলের বাইরে আছেন স্টিভেন ফ্লেচার। এছাড়াও ইনজুরির কারণে দলের বাইরে আছেন ফিল ব্র্যাডসলি, ওয়েস ব্রোউন এবং আন্দ্রেয়া ডোসেনা।
ম্যানচেস্টার সিটির মাঠে সামপ্রতিক সময়ে এভারটনের পারফর্ম্যান্স দুর্দান্ত। ইত্তেহাদ স্টেডিয়ামে শেষ ১২ বারের মুখোমুখিতে নয় বারই জয় পেয়েছে এভারটন। এই জয়ের ধারাকে অব্যহত রাখার প্রয়াস নিয়েই খেলতে যাবে দলটি। প্রিমিয়ার লিগে তাদের সামপ্রতিক পারফর্ম্যান্স এবং ইতিহাদ স্টেডিয়ামে রেকর্ড; সব মিলিয়ে দুই দলের মধ্যে সফরকারীরাই এগিয়ে।
নতুন কোচ ম্যানুয়েল পেলিগ্রেনির অধীনে সিটির সূচনা খুব একটা ভাল হয়নি। সর্বশেষ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে ৩-১ এবং প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার কাছে ৩-২ ব্যবধানে পরাজিত হয়েছে ক্লাবটি। ছয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পেলিগ্রেনির দল এখন সপ্তম স্থানে। কিন্তু পয়েন্ট টেবিলের শীর্ষ দল আর্সেনালের থেকে পাঁচ পয়েন্টে পিছিয়ে থাকা প্রিমিয়ার লিগের চলতি আসরে সিটি সর্বোচ্চ গোলের মালিক।
এভারটনের দায়িত্বেও পরিবর্তন এসেছে। ময়েসের স্থলাভিষিক্ত হয়েছেন রবার্টো মার্টিনেজ। নতুন কোচের অধীনে দলটি লিগের চলতি মৌসুমের ছয় ম্যাচে এখনো পর্যন্ত অপরাজিত।
পয়েন্ট টেবিলে লিভারপুল আছে দ্বিতীয় অবস্থানে এবং ক্রিস্টাল প্যালেস ১৯তম দল। লিভারপুলের মাঠে আজ মুখোমুখি হবে দল দুটি। ২০০৪-৫ মৌসুমের পর কোনো অ্যাওয়ে ম্যাচে জয় পায়নি দলটি।
প্রিমিয়ার লিগের সর্বশেষ ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেন লুইস সুয়ারেজ। ওই ম্যাচে এভারটনকে ৩-১ ব্যবধানে হারায় কোচ ব্রেনডান রজার্সের দলটি।
এক নজরে
ম্যানচেস্টার সিটি-এভারটন
কার্ডিফ সিটি-নিউক্যাসেল ইউনাইটেড
ফুলহ্যাম-স্টোক সিটি
হাল সিটি-অ্যাস্টন ভিলা
লিভারপুল-ক্রিস্টাল প্যালেস
সান্ডারল্যান্ড-ম্যানচেস্টার ইউনাইটেড
