টেস্ট ক্রিকেট থেকে এখনই অবসর নেয়ার ইচ্ছে নেই শচীন টেন্ডুলকারের। আগামী মাসে নিজ মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের পরও তাই টেস্ট ক্রিকেট চালিয়ে যেতে চান তিনি। ভারতীয় ব্যাটিং মায়েস্ত্রোর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ২০১৪ সালের শেষ পর্যন্ত খেলা চালিয়ে যাওয়ার প্রতি নজর তার। আর সে পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারলে আন্তর্জাতিক ক্রিকেটে শচীনের পঁচিশ বছর পূর্ণ হবে।
ভারতের সাবেক দুই ক্রিকেটার কপিল দেব এবং রবি শাস্ত্রি শচীনকে সমর্থন জানিয়ে আবারো বলেছেন অবসর নেবেন কিনা সেই সিদ্ধান্ত শচীনকেই নিতে হবে। কপিল বলেন, ‘গত পাঁচ কিংবা এমন সময় ধরেই অবসরের আলোচনা চলছে। সে যদি খেলাটা উপভোগ করে, কেউ তাকে থামাতে পারবে না। তার নিজস্ব একটা ভাবনা আছে এবং কখন অবসর নিতে হবে সেটা টেন্ডুলকারই সবচেয়ে ভাল জানে।’
এক মত পোষণ করে শাস্ত্রি বলেন, ‘কখন অবসর নিতে হবে সেটা সে জানে। কখন বিদায় নিতে হবে এ সিদ্ধান্ত কেবল সে একাই নিতে পারে। সে যদি মনে করে আর খেলাটা উপভোগ করছে না তবে অবসরের ঘোষণা দিতে সে কোন দ্বিধাবোধ করবে না।’
অবসরের এমন আলোচনা টেন্ডুলকারের ওপর চাপ সৃষ্টি করছে না? কপিল এমন নীতিকে মানতে রাজি নন। বরং তিনি বলেন, ‘১৬ বছর বয়সেই সে চাপের মধ্যে খেলে আসছে। প্রকৃতপক্ষে সে কখনোই চাপমুক্তভাবে ব্যাট করতে পারেনি। আজ আর নতুন কি? ‘তাকে ব্যাট করতে দেখে আনন্দ দেয়ার জন্য আমাদের সবার উচিত তাকে ধন্যবাদ জানানো।’ চলমান চ্যাম্পিয়ন্স লীগে রান না পাওয়াটা টেন্ডুলকারের জন্য দুঃশ্চিন্তা হবে কিনা প্রশ্নের জবাবে শাস্ত্রি বলেন, ‘এটা কেবলমাত্র ক্রিকেট মৌসুমের শুরু। আপনি কিভাবে বলছেন সে ফর্মে নেই? টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে তাকে আরো দুটি ম্যাচ খেলতে দিন।’
—বাসস।
