বৃষ্টিদিনে গুলাবাদিনের ঝড়ো ইনিংস

আপডেট : ০৪ অক্টোবর ২০১৩, ২১:২৩
নিজেকে ভাগ্যবান, নাকি দুর্ভাগা ভাববেন গুলাবাদিন নাইব? ঢাকা প্রিমিয়ার লিগে এ পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন। প্রথম ম্যাচে ৯৩ রানে আউট হওয়ার পর গতকাল ৯৯ রানে অপরাজিত রইলেন শেখ জামালের এই আফগান ব্যাটসম্যান! গুলাবাদিনের এই ইনিংস বাদ দিলে কাল ঢাকা প্রিমিয়ার লিগে বৃষ্টিবিঘ্নিত ম্যাড়মেড়ে এক দিন গেল। তিন ভেন্যুর কোথাও বৃষ্টিতে খেলা শেষ হতে পারেনি। ফতুল্লায় কলাবাগান-ব্রাদার্সের বড় ম্যাচ গতকাল মাঠেই গড়াতে পারেনি দিনভর বৃষ্টিতে। বগুড়ায় সিসিএস বনাম খেলাঘর এবং বিকেএসপিতে শেখ জামাল বনাম কলাবাগান অ্যাকাডেমি ম্যাচ শুরু হলেও গতকাল শেষ হয়নি। আবহাওয়া অনুকূল হলে আজ রিজার্ভ ডেতে তিন ভেন্যুতেই খেলা শেষ হওয়ার কথা। বিকেএসপিতে বৃষ্টিতে দেরিতে শুরু হওয়া ম্যাচের দৈর্ঘ্য ঠিক করা হয় ৩৪ ওভার। ছোট হয়ে আসা ম্যাচে কলাবাগান অ্যাকাডেমির দেওয়ান সাব্বির মাত্র ১০ রানের মধ্যে শেখ জামালের দুই ওপেনার জহুরুল ও জুনায়েদকে আউট করে ভীতির সঞ্চার করেছিলেন। এরপর দিলশান মুনাবীরার ৩০ ও অধিনায়ক তুষার ইমরানের ৩৯ রানে পায়ের নিচে মাটি পায় তারা। পরে গুলাবাদিন ৯৯ রান করে দলকে ৮ উইকেটে ২০৫ রানের বড় পুঁজিতে পৌঁছে দেন। ৬৮ বলে ৬টি চার ও ৮টি ছয়ে সাজানো ঝড়ো এই ইনিংসটা শেষ পর্যন্ত পূর্ণতা পেল না একটা রানের জন্য। সাব্বির নেন ৪৩ রানে ৩ উইকেট। আজ ৩৪ ওভারে ২০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার কথা কলাবাগান অ্যাকাডেমির। বগুড়ায় সকাল থেকে চার বার খেলা থেমেছে বৃষ্টিতে। শেষ পর্যন্ত ঠিক হয় যে, ৪০ ওভারের ম্যাচ হবে। সে ৪০ ওভারেরও একটা ইনিংস শেষ হতে পারেনি বৃষ্টির ধাক্কায়। খেলাঘরের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং ও ভেজা কন্ডিশন মিলিয়ে ৯৯ রান তুলতে ৫ উইকেট হারিয়েছে সিসিএস। খেলার এই পর্যায়ে, ২৪.১ ওভারে আবার বৃষ্টিতে খেলা থেমে যায়। এরপর আর বল মাঠে গড়ায়নি। সব ঠিক থাকলে আজ ঠিক ওই জায়গা থেকেই ৪০ ওভারের ইনিংস শেষ করার লক্ষ্যে ব্যাট করতে নামবে সিসিএস।