এ বছর শুরুর দিকে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া টেস্ট সেঞ্চুরির কথা বাদ দিলে পিটার ফুলটন জাতীয় দলের হয়ে অন্তত নিজেকে ‘স্মরণযোগ্য ক্রিকেটার’ কখনোই করে তুলতে পারেননি। আসলে সাত বছরের ক্যারিয়ারে হাটুর ইনজুরি এই দীর্ঘদেহী ব্যাটসম্যানকে সেভাবে নিয়মিতই হতে দেয়নি জাতীয় দলে। ফলে ২০০৬ সালে ক্যারিয়ার শুরু করার পর এখন পর্যন্ত ১৫টি টেস্ট ও ৪৯টি ওয়ানডেতেই সীমিত আছে ‘মিটার পিটার’-এর ক্যারিয়ার।
বিশ্বাস করুন আর নাই করুন, এই ১৫ টেস্ট ও ৪৯ ওয়ানডে খেলার অভিজ্ঞতা নিয়েই ফুলটন বর্তমান নিউজিল্যান্ড দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার! ইনজুরি, পালাবদল মিলিয়ে অনেকটা ‘তারুণ্যের আসরে’ পরিণত হওয়া নিউজিল্যান্ড দলের তাই বাংলাদেশের বিপক্ষে সিরিজে এই ফুলটনের ওপরও বাজি ধরতে হচ্ছে।
গতকাল অনুশীলন ম্যাচের দিনের খেলা পরিত্যক্ত হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ফুলটন বললেন, তিনি সেই দায়িত্ব নিতে প্রস্তুত আছেন, ‘আমাদের তরুণরা অনেক খেলার মধ্যে ছিল। ফলে অভিজ্ঞতা অনেক বড় সমস্যা হওয়ার কথা নয়। তারপরও আমরা যারা একটু সিনিয়র, তাদের বড় স্কোর করতে হবে। এটাই আমাদের দায়িত্ব। আশা করি, সেটা করতে পারবো।’
নিউজিল্যান্ডের টেস্ট দলটিতে ফুলটনের চেয়ে বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম, রস টেলর ও তরুণ কেন উইলিয়ামসের! এমন তরুণ দল নিয়ে নিউজিল্যান্ড উপমহাদেশীয় কন্ডিশনে খেলার আগে একটু ভয়েই থাকার কথা। কিন্তু ফুলটন বলছেন, তারা এ ভয় পাচ্ছেন না। কারণ, তরুণদের বিভিন্ন দলের হয়ে এখানে খেলার অনেক অভিজ্ঞতা আছে।
বাংলাদেশে সর্বশেষ সফরে হোয়াইট ওয়াশ হয়ে ফিরেছে নিউজিল্যান্ড। সে অভিজ্ঞতা থেকে এবং বাংলাদেশের সামপ্রতিক পারফরম্যান্স দেখে ফুলটন অবশ্যই মানছেন যে, বাংলাদেশ খুব কঠিন প্রতিপক্ষ হতে যাচ্ছে। তবে একটু গোপন আশা আছে ফুলটনের, ‘গত পাঁচ মাস ধরে ওরা আন্তর্জাতিক ক্রিকেট খেলছে না। আশা করবো, ওরা যেন একটু অনভ্যস্থ হয়ে পড়ে। তারপরও বাংলাদেশ এখন অনেক শক্তিশালী দল।’
