সিসিএসের প্রথম জয়

কলাবাগান অ্যাকাডেমির শিকার শেখ জামাল

আপডেট : ০৫ অক্টোবর ২০১৩, ২১:১৬
বড় বড় দলের বিপক্ষে বাধাগুলো ঠিকমতোই উেরছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কিন্তু এবারের লিগে এখন পর্যন্ত দুটি ছোট দলের বিপক্ষে ম্যাচে দুটিতেই পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হল তাদের। খর্বশক্তির শেখ জামালকে গতকাল বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হারিয়ে চমকে দিয়েছে কলাবাগান অ্যাকাডেমি। দ্বিতীয় দিনে গড়ানো ম্যাচে গতকাল বিকেএসপিতে ৬ উইকেটে শেখ জামালকে হারিয়ে কলাবাগানের দলটি। বৃষ্টিতে দ্বিতীয় দিনে শেষ হওয়া আরেক ম্যাচে, বগুড়ায় খেলাঘরকে ৪৫ রানে হারিয়েছে সিসিএস। আসিফ আহমেদ রাতুলের অলরাউন্ড পারফরম্যান্স ও পারভিজ মারুফের ব্যাটিং সিসিএসকে অবশেষে জয়ের মুখ দেখালো। দু’ দিন বসে বৃষ্টিকে জয় করে সংক্ষিপ্ত আকারে এই দুটি ম্যাচের ফলাফল হলেও ফতুল্লায় শেষ পর্যন্ত ব্রাদার্স ইউনিয়ন বনাম কলাবাগান ম্যাচ পরিত্যক্তই হয়েছে। দু’ দলই কাল মাঠে নেমেছিল। কিন্তু সবমিলিয়ে ৪১ ওভারের বেশি খেলা হতে পারেনি। বিকেএসপিতে শুক্রবার বৃষ্টিতে দেরিতে শুরু হওয়া ম্যাচের দৈর্ঘ্য ঠিক করা হয় ৩৪ ওভার। ছোট হয়ে আসা ম্যাচে কলাবাগান অ্যাকাডেমির দেওয়ান সাব্বির মাত্র ১০ রানের মধ্যে শেখ জামালের দুই ওপেনার জহুরুল ও জুনায়েদকে আউট করে ভীতির সঞ্চার করেছিলেন। এরপর দিলশান মুনাবীরার ৩০ ও অধিনায়ক তুষার ইমরানের ৩৯ রানে পায়ের নিচে মাটি পায় তারা। পরে গুলাবাদিন ৯৯ রান করে দলকে ৮ উইকেটে ২০৫ রানের বড় পুঁজিতে পৌঁছে দেন। ৬৮ বলে ৬টি চার ও ৮টি ছয়ে সাজানো ঝড়ো এই ইনিংসটা শেষ পর্যন্ত পূর্ণতা পেল না একটা রানের জন্য। সাব্বির নেন ৪৩ রানে ৩ উইকেট। গতকাল ৩৪ ওভারে ২০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে কলাবাগান অ্যাকাডেমি। শেখ জামালের বিপক্ষে অপ্রত্যাশিতভাবে জয়ের লক্ষ্যে সাবলীল গতিতে এগিয়ে যায় অ্যাকাডেমি। গুলাবাদিনের জবাব হয়ে প্রতিআক্রমণ শুরু করলেন হ্যামিলটন মাসাকাদজা। এই জিম্বাবুইয়ানের ৭১ বলে ৬টি চার ও ৭টি ছক্কায় সাজানো ৯৩ রান এবং আব্দুল মজিদের ৫৯ রানে ভর করে ১.৩ ওভার হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অ্যাকাডেমি। আমাদের বগুড়া প্রতিনিধি জিএম সজল জানিয়েছেন, সেখানে শুক্রবার সকাল থেকে চার বার খেলা থেমেছে বৃষ্টিতে। শেষ পর্যন্ত ঠিক হয় যে, ৪০ ওভারের ম্যাচ হবে। সে ৪০ ওভারেরও একটা ইনিংস শেষ হতে পারেনি বৃষ্টির ধাক্কায়। খেলাঘরের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং ও ভেজা কন্ডিশন মিলিয়ে ৯৯ রান তুলতে ৫ উইকেট হারিয়েছে সিসিএস। খেলার এই পর্যায়ে ২৪.১ ওভারে আবার বৃষ্টিতে খেলা থেমে যায়। এরপর আর বল মাঠে গড়ায়নি। আগের দিনের ৫ উইকেটে ৯৯ রান নিয়ে গতকাল ব্যাট করতে নামে ক্রিকেট কোচিং স্কুল। ৯ উইকেটে করে ২১৩ রান। দলের পক্ষে শ্রীলংকান অলরাউন্ডার পারভিজ মাহারুফ সর্বোচ্চ ৫৭ রান করেন। আসিফ আহমেদ রাতুলের ব্যাট থেকে আসে ৩২ রান। খেলাঘরের ফয়সাল হোসাইন ৪ উইকেট শিকার করেন। জবাবে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ৭ উইকেটে ১৭২ রান করে। দলনেতা ফয়সাল হোসেন ৩১ এবং ফোরকান অপরাজিত ২৯ রান করেন। অমিত কুমার ৩টি এবং আসিফ আহম্মেদ ২টি উইকেট দখল করেন।