আগামী বছরের কমনওয়েলথ গেমসকে লক্ষ্য করে দক্ষিণ কোরিয়া থেকে রাইফেল কোচ লীকে আনতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সহযোগিতা চেয়েছে শুটিং ফেডারেশন। কোচের সাথে এ ব্যাপারে আলোচনা চূড়ান্ত হয়ে আছে বলে জানান শ্যুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইন্তেখাবুল আলম অপু।
ফেডারেশন সম্পাদক এও জানান যে, এই কোচকে আনতে মাসিক দুই হাজার ডলার বেতন দিতে হবে। সেজন্য তারা বিওএ’র কাছে কোচের বেতনটা বহন করার জন্য আবেদন করেছেন। তবে সময়মতো আনতে না পারলে পরে আর তাকে পাওয়া যাবে না। কারণ, এ ধরনের হাই প্রোফাইল কোচ খুব বেশি সময় কর্মহীন থাকে না।
কোচ লী ডিসেম্বরে দায়িত্ব নিতে আগ্রহী। শুধু তাই নয় তিনি তিন মাসের একটি কোচিং পরিকল্পনাও দিয়েছেন। শ্যুটিং ফেডারেশনের এই কোচকে পছন্দ করার আরেকটি কারণ হলো শ্যুটাররাও তাকে পছন্দ করেন। আগেও একবার তিনি ঢাকায় কাজ করে গেছেন। এব্যাপারে গতকাল সন্ধ্যায় বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ আহমেদের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তারা কোচকে আনার ব্যবস্থা করবেন। উল্লেখ্য, আগামী বছর স্কটল্যান্ডের গ্লাসগোতে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে।
