দেশ-বিদেশের প্রাচীন ধাতব ও কাগুজে মুদ্রা এবং মুদ্রা সম্পর্কিত দুর্লভ কিছু দ্রব্যসামগ্রী নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে ‘টাকা জাদুঘর’। রাজধানীর মিরপুর ২-এ বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে (বিবিটিএ) এ জাদুঘর চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এ জাদুঘর শনিবার থেকে বুধবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এবং শুক্রবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। প্রবেশ মূল্য ৫ টাকা।
শনিবার টাকা জাদুঘরের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। মিরপুরের বিবিটিএতে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম। গভর্নর ড. আতিউর রহমান, নির্বাহী পরিচালক দাশগুপ্ত অসীম কুমার, শিল্পী হাশেম খান, বাংলাদেশ নিউমিসম্যাটিস কালেকটরস সোসাইটির (বিএনসিএস) সভাপতি বাবু অমলেন্দু সাহা প্রমুখ এতে বক্তব্য রাখেন।
এ জাদুঘরে দুটো গ্যালারি। গ্যালারি ১-এ উপমহাদেশের বিভিন্ন শাসনামলে প্রচলিত মুদ্রা প্রদর্শিত হচ্ছে। আর গ্যালারি ২-তে প্রদর্শিত হচ্ছে বর্তমান সময়ের যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, স্পেন, সুইজারল্যান্ড, জার্মানি, অস্ট্রেলিয়া, জাপান, আর্জেন্টিনা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নেপাল, ভুটান, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশসহ প্রায় সকল দেশের মুদ্রা। মুদ্রার পাশাপাশি এখানে প্রদর্শিত হচ্ছে প্রাচীন মুদ্রা দ্বারা নির্মিত অলংকার, মুদ্রা সংরক্ষণের জন্য ব্যবহূত কাঠের বাক্স, লোহার তৈরি কয়েন ব্যাংক এবং লোহার সিন্ধুক প্রভৃতি। এছাড়া শস্য সংরক্ষণের জন্য ব্যবহূত মাটির মটকাও প্রদর্শিত হচ্ছে এ জাদুঘরে।
চিত্রশিল্পী হাশেম খান, ইতিহাসবিদ মুনতাসির মামুন, স্থপতি রবিউল হুসাইন ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দাশগুপ্ত অসীম কুমারের সমন্বয়ে গঠিত একটি কমিটি এ জাদুঘর গড়ে তুলেছেন। এ কমিটির সভাপতি ছিলেন শিল্পী হাশেম খান।
