ইত্তেফাক রিপোর্ট
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকার ১১টি ইউনিট ছাত্রদলের নেতাকর্মীরা। গতকাল শনিবার বেলা ১২টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিলটি নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিজয় নগর প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। নেতারা বলেন, সরকার সম্পূর্ণ প্রতিহিংসার বশবর্তী হয়ে বেগম খালেদা জিয়াকে আটকে রেখেছে। কিন্তু ছাত্রসমাজ আর ঘরে বসে থাকবে না। এবার রাজপথে জবাব দেওয়া হবে।
মিছিলে ছিলেন ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান রাজ, পশ্চিমের সভাপতি এনামুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আসিফুর রহমান বিপ্লবসহ কয়েক হাজার নেতাকর্মী।
