হার্মিসনের অবসর!

আপডেট : ০৬ অক্টোবর ২০১৩, ২১:৪৫
ইংল্যান্ডের সাবেক পেসার স্টিফেন হার্মিসন রবিবার অবসরের ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে ইংলিশ কাউন্টি দল ডারহামের সাথে তার ১৭ বছরের সম্পর্কের অবসান ঘটলো। চলতি গ্রীষ্ম মৌসুমে তিনি ডারহামের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশীপে কোন ম্যাচেই খেলতে পারেননি। কার্যত ডারহামের সাথে তার চুক্তিও শেষ হয়ে গেছে। আর তাই ৩৪ বছর বয়সী এই পেসার নিজেকে সব ধরনের ক্রিকেট সরিয়ে নেবার সিদ্ধান্ত নিয়েছেন। ২০১৩ মৌসুমে আর নতুন করে চুক্তিভুক্ত হতে চান না বলেই স্থানীয় পত্রিকায় মন্তব্য করেছেন দেশের হয়ে টেস্টে ২২৬ উইকেট শিকার করা হার্মিসন। এ প্রসঙ্গে হার্মিসন বলেছেন, ‘আজ আমি পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। আশা করেছিলাম সেরা ফর্ম থাকতে থাকতেই আমি বিদায় নেবো। কিন্তু আমার শরীর আর আমাকে সেই অনুমতি দেয়নি। চলতি গ্রীষ্মে আমি একটি ম্যাচেও মাঠে নামতে পারিনি।’ গত মাসে ম্যাথু হগার্ডের অবসরের পরে ২০০৫ সালের অ্যাশজ সিরিজের চারজন আক্রমণাত্মক পেসারের মধ্যেই হার্মিসনসহ সব ক’জনই ক্রিকেটকে বিদায় জানালেন।