বিশ্বকাপ ফুটবলের ট্রফি বাংলাদেশে আসছে, বাফুফের বদৌলতে সে কথা আগেই জানা হয়ে গেছে এদেশে ফুটবল দর্শকদের। কিন্তু ট্রফি ঢাকায় আনার উদ্যোগ যারা নিয়েছে সেই প্রতিষ্ঠানটি গতকাল আনুষ্ঠানিকভাবে দাবি করেছে, তারাই প্রথমবার বিশ্বকাপের ট্রফি আনছে বাংলাদেশে।
কোমল পানীয় প্রতিষ্ঠান কোকাকোলা কোম্পানি গতকাল বিকালে স্থানীয় একটি হোটেলে আনুষ্ঠানিক এই ঘোষণা দিয়েছে। কোকাকোলার কান্ট্রি ম্যানেজার দেবাশীষ দেব দাবি করেন বিশ্বকাপ ট্রফির প্রথম বাংলাদেশ ভ্রমণ এটি! ৮৮টি দেশে সফর করবে ট্রফি। যদিও এর আগেও এরকম পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানেরই উদ্যোগে ২০০২ সালে বাংলাদেশে এসেছিল বিশ্বকাপ ট্রফি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি এসএ সুলতান সে প্রসঙ্গ মনে করে বললেন, ‘২০০২ সালে প্রথমবার বিশ্বকাপ ট্রফি এসেছিল বাংলাদেশে। সেটিও ছিল আসল ট্রফি। যে কারণে সেবার ট্রফির নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছিল। তিনি বলেন, আসল ট্রফির জন্যই ভিভিআইপি বিমানবন্দর ব্যবহার করা হয়েছিল।’
কোকাকোলা প্রতিষ্ঠান জানিয়েছে ১৭ ডিসেম্বর ঢাকায় আসবে ট্রফি। ২০ ডিসেম্বর পর্যন্ত থাকবে। তিনদিনে ট্রফি প্রদর্শনের জন্য নানা পরিকল্পনা রয়েছে। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি। কোকাকোলা ফিফা বিশ্বকাপ ফুটবলের স্পন্সর। কোকাকোলা সহযোগিতায় ফুটবল পৃথিবী ঘুরে বেড়াচ্ছে ফিফা ট্রফি। সেই আলোকে বাংলাদেশেও আসছে ট্রফি।
ভারতে একদিন ট্রফি অবস্থান করবে আর বাংলাদেশে থাকবে তিনদিন। এক্ষেত্রে বাংলাদেশ সুবিধা পাচ্ছে। নানা আয়োজন করছে ট্রফি ঘিরে। সাধারণ ফুটবল দর্শক কিভাবে সহজে ট্রফি দেখতে পারে তারও পরিকল্পনা করছে কোকাকোলা কোম্পানি। সেটা আরেক দিন ঘোষণা করবে কোকাকোলা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন। তিনি বলেন, ‘আমরা কখনো বিশ্বকাপ জয় করতে পারবো কিনা জানি না। তবে ট্রফি বাংলাদেশে আসা উপলক্ষে ফুটবলে নতুন মাত্রা যোগ করবে।’ তিনি কোকাকোলা কোম্পানিকে বাংলাদেশের যুব ফুটবল উন্নয়নে পাশে থাকার আহবান জানান।
