টানা তিন ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেল মোহামেডান স্পোর্টিং ক্লাব। গতকাল সোমবার বিকেএসপির তিন নম্বর মাঠে বর্তমান চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া স্পোটিং ক্লাবকে ৪২ রানে হারিয়েছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ঐতিহ্যবাহী দলটি। এক ম্যাচ হারের পর জয়ে ফিরেছে শেখ জামালও। চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে তাদের জয়টি এসেছে আট উইকেটের বিশাল ব্যবধানে। মোহামেডান-শেখ জামালের মুখে হাসি ফুটলেও একই সেই হারের বৃত্তেই রয়ে গেল আবাহনী লিমিটেড। গাজী ট্যাংক ক্রিকেটার্সের কাছে তারা হেরেছে ১৩ রানে।
মোহামেডানের স্বস্তির জয়
টানা তিন ম্যাচ হারের পর চ্যাম্পিয়ন দল ভিক্টোরিয়ার বিপক্ষে মোহামেডানের ম্যাচটি ছিল আক্ষরিক অর্থেই ‘বাঁচা-মরা’র লড়াই। এই ম্যাচ হারলেই সুপার সিক্সে ওঠার লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়তো মাশরাফি বিন মুর্তজার দল। সেই লড়াইয়ে বেশ ভাল ভাবেই উের গেল তারা। প্রথমে নির্ধারিত পঞ্চাশ ওভার ব্যাট করে উপুল থারাঙ্গার ৭৩ রানের উপর ভিত্তি করে তুললো ২৪০ রান। এরপর বল হাতে ভিক্টোরিয়ার ব্যাটিং লাইন আপকে গুঁড়িয়ে দিল ৪৫ ওভার ১ বলেই। লক্ষ্য থেকে ৪২ রানের আগেই থেমে গেল ভিক্টোরিয়া। মুরাদ খান সর্বোচ্চ তিনটি উইকেট পান। এছাড়া দুটি করে উইকেট নেন মাশরাফি, মুক্তার আলী ও অ্যাসেলে গুনারত্নে তিনটি করে উইকেট নেন। এই জয়ে আট পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে মোহামেডান। চতুর্থ স্থানে থাকা ভিক্টোরিয়ার অবস্থান নয়।
আবারও হারলো আবাহনী
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে গতকাল গাজী ট্যাংক ক্রিকেটার্সের কাছে হারলো আবাহনী। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে এটা দলটির ষষ্ঠ হার। মাত্র এক ম্যাচ জয়ে দুই পয়েন্ট পাওয়া আবাহনী লিমিটেড অবস্থান করছে পয়েন্ট তালিকার ১০ স্থানে। বৃষ্টির কারণে খেলা শুরু হতে কিছুটা দেরি হওয়ায় এক ওভার করে কমিয়ে দেয়া হয়। লো স্কোরিং ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ১৮৯ রান করেই সবগুলো উইকেট হারিয়ে ফেলে গাজী ট্যাংক। জবাবে সহজ টার্গেট তাড়া করতে নেমে নিয়মিত উইকেট পতনে আট উইকেটে ১৭৬ রানের বেশি করতে পারেনি আবাহনী। ফলে আরেকটি পরাজয় দেখলো শাহরিয়ার নাফিসের আবাহনী। এই জয়ে গাজী ট্যাংক ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে।
শীর্ষে শেখ জামাল
দারুণ এক জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এল লেফটেন্যান্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গতকাল সোমবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টপ অর্ডারের ব্যাটিং দৃঢ়তায় দলটি আট উইকেটে হারায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে। সাত ম্যাচ শেষে দলটির পয়েন্ট এখন ১০। আর প্রাইম ব্যাংক আট পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে। প্রথমে ব্যাট করতে নেমে শেখ জামালের বোলিং তাণ্ডবের মুখে পড়ে প্রাইম ব্যাংক। ফলে ৪৬.৪ ওভারে ২০০ রান করেই থেমে যেতে হয় এনামুল হক জুনিয়রের দলকে। ইংলিশ ব্যাটসম্যান রবি বোপারা সর্বোচ্চ ৭৪ রান করেন। আফগান বোলার গুলবাদিন নাঈম ৪টি; দিলশান মুনাবীরা, ইলিয়াস সানি ও নাহিদুল ইসলাম দুটি করে উইকেট নেন। জবাবে ঝড়ো ব্যাটিংয়ের কল্যাণে মাত্র ২৯.৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় শেখ জামাল। লংকার ওপেনার মুনাবীরা ৯৫ রান করে আউট হয়ে যান। আরেক ওপেনার জুনায়েদ সিদ্দিকী ৭৪ রানে অপরাজিত থাকেন।
