শুরুতে প্রতিপক্ষ দলগুলো সম্পর্কে পরিষ্কার কোনো ধারণা না থাকলেও ইরাকে পৌছে বাংলাদেশ যুব ফুটবল দলের ডাচ কোচ রেনে কেস্তার জানিয়েছেন, তার গ্রুপ প্রতিপক্ষরা যথেষ্ঠই শক্তিশালী। বিশেষ করে ইরাককে বেশ শক্তিশালী মনে করেছেন তিনি। রেনে গত এএফসি যুব ফুটবল দলের ইরাক, কুয়েত পাকিস্তানের ম্যাচ ভিডিও দেখেছেন। অনূর্ধ্ব-১৯ বাংলাদেশ ফুটবল দল আজ প্রথম ম্যাচ খেলবে ইরাকের বিরুদ্ধে।
গতকাল বিকালে ইরাকের আরবিল শহরের স্টেডিয়ামে অনুশিলন করেছে বাংলাদেশের যুব ফুটবলাররা। এরপর ইরাকী সংবাদ মাধ্যমকে রেনে কেস্তার বলেছেন, দুই মাস অনুশীলন করে দল নিয়ে ইরাকে এসেছেন। উদ্দেশ্যে ভালো খেলা। তিনি বলেছেন, ‘আমরা সেরা খেলাটা খেলার চেষ্টা করব, ভালো ফলের জন্যই খেলবো। তবে বয়স ভিত্তিক ফুটবলে রেজাল্টের চেয়ে ভালো খেলাটা জরুরি।’ এদিকে বর্তমান চ্যাম্পিয়ন ইরাকের কোচ বলেছেন, এবারও চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবে তাদের দল। আজ বাংলাদেশের বিরুদ্ধে তিন পয়েন্টের জন্য মাঠে নামবেন বলেই দাবি করেছেন কোচ। ইরাক বাংলাদেশ শেষ লড়াইয়ে বাংলাদেশ ০-৬ গোলে হেরেছিল ইরাকের কাছে।
১০ অক্টোবর কুয়েত এবং ১২ অক্টোবর পাকিস্তারের বিরুদ্ধে খেলা বাংলাদেশের।
