উপমহাদেশের বাইরের কোন দল এই অঞ্চলে আসলেই স্পিন নিয়ে বেশ ঝামেলার মধ্যেই পড়তে হয়। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টে এই স্পিনকেই মূল ‘শত্রু’ বলে মানছেন সফরকারীদের অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেলর।
গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে গতকাল সোমবার তিনি জানিয়েছেন স্পিনারদের বিপক্ষে ভাল করার লক্ষ্যের কথা জানালেন এই ক্রিকেটার, ‘উপমহাদেশে যেকোন সফরেই আমাদের স্পিন নিয়ে সমস্যায় পড়তে হয়। তবে, আমাদের খেলোয়াড়রা আগেও এখানে খেলে গেছেন, শুধু বাংলাদেশেই নয়; শীলঙ্কা ও ভারতেও তারা খেলেছেন। স্পিনারদের বিপক্ষে আক্রমণাত্মক খেলা আমাদের জন্য স্বভাবজাত না। এরপরও উইকেট বাঁচিয়ে খেলতে পারলে রান করা সম্ভব, আর আশা করি আমরা ভাল করতে পারবো।’
বাংলাদেশ সফরে আলাদা করে কাউকে নিয়ে ভাবছেন না টেলর, ‘বাংলাদেশে বেশ কয়েকজন ভাল খেলোয়াড় আছেন। তাদের প্রত্যেককে নিয়েই আমরা সতর্ক। ১ থেকে ১১ জন, প্রত্যেকেই ভাল। তামিম (্ইকবাল) ও সাকিব (আল হাসান) বিশ্বমানের খেলোয়াড়। আব্দুর রাজ্জাক আমাদের বিপক্ষে অনেক সাফল্য পেয়েছে। (সোহাগ) গাজীকে নিয়েও আমরা আলাদা ভাবে কাজ করছি। তার ভিডিও ফুটেজ দেখেছি। মাহমুদুল্লাহও আমাদের বিপক্ষে ভাল খেলেছে। হ্যামিল্টনে আমাদের বিপক্ষে তার একটা সেঞ্চুরি আছে।’
শেষবার বাংলাদেশের বিপক্ষে ৪-০ ব্যবধানে হারকে খুব বড় করে দেখতে চাইছেন না টেলর, ‘তোমরা মনে না করে দিলে এই ব্যাপারটা আমাদের মনেও থাকতো না। আমিও আগে বলেছি, বাংলাদেশ ভাল দল। আর নিজেদের কন্ডিশনে তারা আরও ভাল খেলবে। আমাদের লক্ষ্য ওদেরকে চাপে ফেলা।’
