ইরান পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে

আপডেট : ০৮ অক্টোবর ২০১৩, ২০:৪৯
ইরান আর এক বছর বা তার কিছু বেশি সময়ের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরিতে সক্ষম হয়ে উঠবে। যুক্তরাষ্ট্র এমনটিই মনে করে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। বার্তা সংস্থা এপি’র সঙ্গে এক সাক্ষাত্কারে তিনি বলেন, “আমাদের হিসাবে সময় লাগবে এক বছর কিংবা এর চেয়ে কিছু বেশি। আর আসলে ইসরায়েলের গোয়েন্দাদের হিসাবের চেয়ে আমাদের সময়ের হিসাবটা একটু বেশি”। ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের মূল্যায়ন সম্পর্কে এক প্রশ্নের জবাবে ওবামা একথা বলেন। ওবামা পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ দূর করার জন্য ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছতে ইতোমধ্যেই কর্মকর্তাদেরকে নিয়োজিত করেছেন। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং অন্যান্য দেশগুলো ইরানের বিরুদ্ধে বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা তৈরির লক্ষ্যে আগানোর অভিযোগ করে আসছে। তবে ইরান বরাবরই তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে বলে দাবি করে আসছে।