মিশরের বিপক্ষে ১৫ অক্টোবর অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বাছাইপর্বে প্লে¬-অফ ম্যাচের প্রথম লেগে খেলতে পারছেন না ঘানা জাতীয় দলের মিডফিল্ডার কেভিন-প্রিন্স বোয়েটাং। হাঁটুর ইনজুরিই তাকে দল থেকে ছিটকে দিয়েছে বলে জাতীয় দল সূত্রে নিশ্চিত করা হয়েছে।
২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছানো ঘানা দলের অন্যতম তারকা ছিলেন ২৬ বছর বয়সী এই মিডফিল্ডার। গত শনিবার অগাসবার্গের বিপক্ষে বুন্দেসলিগায় শালকের পক্ষে ৪-১ গোলের জয়ী ম্যাচে তিনি এই ইনজুরিতে আক্রান্ত হন।
প্রায় দুই বছর পরে বোয়েটাং জাতীয় দলে ফিরে এসেছিলেন। কিন্তু অনুশীলনে ইনজুরিতে পড়ায় জাম্বিয়ার বিপক্ষে গত মাসে বিশ্বকাপ বাছাইপর্বের গ্রুপ ম্যাচেও তিনি খেলতে পারেননি। প্লে¬-অফ ম্যাচের জয়ী দল আগামী বছরের ব্রাজিল বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।
বাসস
