স্বল্প খরচের রেমিট্যান্স করিডোরগুলোর মধ্যে বাংলাদেশ প্রথম

আপডেট : ১০ অক্টোবর ২০১৩, ২০:১৬
কম খরচে রেমিট্যান্স পাঠানোর করিডোরগুলোর মধ্যে বাংলাদেশ প্রথম স্থানে রয়েছে। আর সিঙ্গাপুর-বাংলাদেশ করিডোরটি বিশ্বের সবচেয়ে স্বল্প খরচ বিশিষ্ট করিডোর। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান গতকাল এক বক্তৃতায় এ তথ্য জানান। তিনি যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটির ‘ফাইন্যান্স, ল এন্ড পলিসি’ বিষয়ক কেন্দ্রে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতায় প্রবাসী আয়ের ভূমিকার উপর বক্তব্য রাখছিলেন। বাংলাদেশে প্রবাসী আয়ের সফলতা এবং সরকার ও বাংলাদেশ ব্যাংকের গৃহীত নীতি-পদক্ষেপের পাশাপাশি দেশের অর্থনৈতিক তথা আর্থিক স্থিতিশীলতার উপর প্রবাসী আয়ের দীর্ঘস্থায়ী প্রভাবের উপর বাংলাদেশ ব্যাংক গভর্নর বিস্তারিত আলোচনা করেন। বাংলাদেশের অর্থনীতির বিষয়ে তিনি বলেন, স্বল্প খরচে রেমিটেন্স আহরণ ও বিতরণে ব্যাংক ব্রাঞ্চ ছাড়াও মোবাইল ব্যাংকিং সুবিধা রয়েছে। এসব সুবিধার পাশাপাশি অন্যান্য সুবিধা মধ্যে, স্মার্ট কার্ড, ড্রইং এরেঞ্জমেন্ট, এক্সচেঞ্জ হাউস, ক্ষুদ্রঋণ সংস্থা, ডাকঘর ও আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানান তিনি। আর এসব সুবিধা থাকার কারণে বাংলাদেশ এখন পৃথিবীতে রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে সর্বনিম্ন খরচের পাঁচটি করিডোরের মধ্যে প্রথম স্থান দখল করতে পেরেছে। কেন্দ্রীয় ব্যাংক গভর্নর বলেন, সর্বোচ্চ রেমিট্যান্স প্রাপ্তির ক্ষেত্রে বাংলাদেশ এখন পৃথিবীতে সপ্তম স্থানে রয়েছে। ১৯৮০ সাল থেকে বাংলাদেশে রেমিটেন্স প্রবাহ দুই অংকের হারে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে এ রেমিটেন্স এর পরিমাণ বাংলাদেশের মোট জাতীয় উত্পাদনের শতকরা ১১ ভাগ। রেমিট্যান্সের অন্তঃপ্রবাহের ধারা, ভোগ এবং বিনিয়োগের তুলনামূলক চিত্রের বর্ণনা দিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নর উল্লেখ করেন যে, আমাদের রেমিটেন্স বৃদ্ধির প্রভাবে ভোগের তুলনায় বিনিয়োগ অধিক পরিমাণে বাড়ছে যা অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জন ও অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।