পাকিস্তানি তালেবান নেতা হেকিমুল্লাহ মেহসুদ বলেছেন, তারা দেশটির সরকারের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছেন। বুধবার এই সংবাদসংস্থার সঙ্গে দেয়া এক একান্ত সাক্ষাত্কারে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, আলোচনা চালিয়ে গেলেও তারা আমেরিকা ও তার দোসরদের ওপর হামলা চালানো বন্ধ করবেন না। পাকিস্তানের উপজাতীয় অঞ্চলে প্রায় ৩০টি সশস্ত্র দলের নেতৃত্ব দিচ্ছেন হেকিমুল্লাহ মেহসুদ। তার পক্ষ থেকে আলোচনার এ প্রস্তাব আসায় একে অনেকেই ইতিবাচক দিক বলে মন্তব্য করছেন। তিনি বলেন, আমরা সবসময় ফলপ্রসূ আলোচনায় বিশ্বাসী। তবে পাকিস্তান সরকার এ বিষয়ে কোন সরাসরি উদ্যোগ নেয়নি এবং আমাদেরকেও সে সম্পর্কে কিছু বলা হয়নি। সরকারের উচিত আমাদের সঙ্গে আলোচনায় বসা । আর তাতেই অনেক সমস্যার দিক নির্দেশনা পাওয়া যেতে পারে। কেননা তা হলে সরকারও আমাদের অবস্থান এবং শর্তসমূহ জানতে পারবে। বিবিসির সাংবাদিক আহমেদ ওয়ালি মুজিব এক নির্জন স্থান থেকে এ সাক্ষাত্কারটি গ্রহণ করেন। সাক্ষাত্কারকালে হেকিমুল্লাহ মেহসুদ বলেন, যারা আলোচনার জন্য সরকারের পক্ষ থেকে মধ্যস্থতা করবেন তাদের নিরাপত্তার দায়িত্ব তিনি নিজেই গ্রহণ করবেন। তবে তিনি বলেন, মিডিয়ার কাছে কোন শর্ত নিয়ে আলোচনায় বসতে তিনি প্রস্তুত নন।
তিনি বলেন, আলোচনার ক্ষেত্রে সত্যিকার পন্থা হচ্ছে ,সরকারকে এ ব্যাপারে একটা আনুষ্ঠানিক টিম গঠন করা। ড্রোন হামলার বিষয়ে তিনি জানান, আমেরিকার চাপে পাকিস্তান সরকার ড্রোন হামলা চালিয়ে নিরীহ মানুষকে হত্যা করছে। তাদেরকে এই ড্রোন হামলা অবশ্যই বন্ধ করতে হবে। এই হামলায় গত মে মাসে তেহরিক-ই-তালেবানের সেকেন্ড-ইন কমান্ড ওয়ালিউর রহমান মারা যায়। তিনি বলেন, এর আগে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার জন্য পাকিস্তান সরকারই দায়ী। উল্লেখ্য হাকিমুল্লাহ মেহসুদকে ধরতে ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করে মার্কিন সরকার।
