গতকাল বিসিবি নির্বাচনে উত্তেজনাটা ছিল মূলত লিপু ও সুজনের লড়াই নিয়ে। তবে এ ছাড়াও তিন জন। চার পরিচালকের পদে ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ হল গতকাল। সেই ভোটাভুটিতে ঢাকা বিভাগ থেকে দুই পরিচালক হিসেবে এলেন দেশের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় ও ঢাকা ক্লাব সমিতির সভাপতি মনজুর কাদের। রাজশাহী বিভাগ থেকে পরিচালক নির্বাচিত হলেন সাইফুল আলম স্বপন।
ঢাকা বিভাগের এক নম্বর ক্যাটাগরির দুটি পরিচালক পদের জন্য তিন প্রার্থী ছিলেন—দুর্জয়, মঞ্জুর কাদের এবং জামালপুরের মির্জা জিল্লুর রহমান। ১৮টি ভোটের মধ্যে ১৭ জনই ভোট দিয়েছেন। দুর্জয় সর্বাধিক ১৬ এবং মঞ্জুর কাদের ১৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন। আর মির্জা জিল্লুর রহমান পেয়েছেন ৫ ভোট। রাজশাহীর পরিচালক পদে পাবনার সাইফুল আলম স্বপ্ন ৫ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন। অন্য প্রতিদ্বন্দ্বী রাফিউস সামস প্যাডী পেয়েছেন চার ভোট।
নির্বাচিত হওয়ার পর দুর্জয়, সুজন, মঞ্জুর কাদের একসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন।
সুজনের মতোই টেস্ট অবকাঠামো নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিলেন দুর্জয়, ‘টেস্ট ক্রিকেট দেশ হিসাবে যেভাবে অবকাঠামো গড়ে উঠার কথা ছিল সেভাবে গড়ে উঠেনি।’ বোর্ডে কাজ করেছেন আগেও। কিন্তু এখনকার সঙ্গে সেই সময়ের পার্থক্য আছে বলে মনে করেন দুর্জয়, ‘আমাদের ভয়েসটা লাউড হয়ে গেল। ক্রিকেটে যেখানেই থাকি না কেন কাজের সুযোগ থাকে। আমরা কাজ করে সেটা প্রমাণ করে দিতে চাই।’
দুর্জয়ের সঙ্গেই বিসিবির পরিচালক নির্বাচিত হয়ে মঞ্জুর কাদের বললেন, ‘আমি মুক্তিযোদ্ধা। যুদ্ধ করেই সব কিছুতে পাস করতে হয়। বিসিবির নির্বাচনেও যুদ্ধ করলাম।’ বিসিবির নির্বাচনী পরীক্ষায় পাস করে সংগঠক হিসাবে তার গ্রহণযোগ্যতা আরো বড় করেই তুলে ধরলেন তিনি। এক সময় ফুটবল এবং ক্রিকেট দুটোই খেলেছেন কাদের। খেলা ছেড়ে সাংগঠনিক কর্মকাণ্ডে জড়িয়ে সফলতাও অর্জন করেছেন। বিসিবির নির্বাচনী পরীক্ষায় পাস করে কাল জানালেন, তিনি ফুটবল এবং ক্রিকেট দুই জায়গাতেই সমানভাবে কাজ করবেন, ‘বিশ্বের জনপ্রিয় খেলা ফুটবল হলেও বাংলাদেশে ক্রিকেট সবচেয়ে জনপ্রিয় খেলা। আমাদের কাজ সেই ক্রিকেটকে আরও সংগঠিত অবস্থায় নিয়ে যাওয়া।’
পরিচালক হলেন যারা
স্পোর্টস রিপোর্টার
আকরাম খান, নাঈমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন, মঞ্জুর কাদের, মাহবুব উল আনাম, জালাল ইউনুস, লোকমান হোসেন ভুঁইয়া, আফজাল উর রহমান সিনহা, এনায়েত হোসেন সিরাজ, আহমদ ইকবাল হাসান, গাজী গোলাম মুর্তজা, হানিফ ভুঁইয়া, তানজিল চৌধুরি, নাজমুল করিম টিংকু, নজিব আহমেদ, শওকত আজিজ রাসেল, আ জ ম নাছির উদ্দিন, কাজী ইনাম আহমেদ, শেখ সোহেল, সাইফুল ইসলাম স্বপন, আনোয়ারুল ইসলাম, এমএ আউয়াল চৌধুরি ভুলু, শফিউল আলম চৌধুরি নাদেল।
পরিচালকরা সভাপতি নির্বাচন করবেন
স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ২৩টি পরিচালক পদে নির্বাচন হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে দেয়া হবে তিনজন পরিচালক। নির্বাচিত পরিচালকরা নির্বাচনের মাধ্যমে বোর্ড সভাপতি এবং দুইজন সহসভাপতি নির্বাচন করবেন। ক্রীড়া পরিষদ থেকে সরকার মনোনীত সম্ভাব্য তিন পরিচালক হতে পারেন নাজমুল হাসান পাপন, ইসমাইল হায়দার মল্লিক এবং আহমেদ সাজ্জাদুল আলম ববি। তিনজন থেকে একজন যদি সভাপতি নির্বাচিত হন তাহলে ক্রীড়া পরিষদের একটি কোটা শূন্য হয়ে যাবে। সেক্ষেত্রে শূন্য কোটা পূরণের জন্য জাতীয় ক্রীড়া পরিষদ আরেকটি পরিচালক মনোনীত করতে পারবে।
