চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে স্বাগতিকদের আরও চাপে ফেলতে চায় নিউজিল্যান্ড। দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন সেঞ্চুরিয়ান ব্যাটসম্যান জন ওয়াটলিং। তৃতীয় দিন শেষে দুই উইকেটে ১০৩ রান করেছে বাংলাদেশ। আজ দ্রুতই বাকি উইকেটগুলো ফেলে দেয়ার লক্ষ্যের কথা জানালেন ওয়াটলিং, ‘আমাদের দ্রতই তাদের (বাংলাদেশ) আটটি উইকেট ফেলে দিতে হবে, তাদের চাপে ফেলতে হবে। আজ আমরা যেমনটা চেয়েছি ঠিক তেমন ভালে বোলিং করতে পারিনি। এরপরও আমার শুরুতেই উইকেট পেয়েছি, এটা আমাদের জন্য বোনাস। বাম হাতি ব্যাটসম্যান (মমিনুল হক) অনেক ভাল ব্যাট করেছে। আমাদের বল খেলতে তার কোন সমস্যাই হয়নি। আগামীকাল (আজ) এমনটা হলে চলবে না। তাদের উপর চাপ দিয়ে দ্রুতই উইকেট ফেলতে হবে।’ ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো টেস্ট সেঞ্চুরির দেখা পাওয়া এই ব্যাটসম্যান নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘অবশ্যই এটা আমার জন্য গৌরবের একটা মুহূর্ত। খুব ভাল লাগছে। আর ভিন্ন একটা কন্ডিশনে ভাল খেলতে পেরেছি; এটা আমার জন্য অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ।’
নিজের আর ট্রেন্ট বোল্টের পার্টনারশিপের ব্যাপারে বলেন, ‘বোল্টের সাথে ব্যাটিং করে বেশ মজা পেয়েছি। সহজেই রান পাচ্ছিলাম। দুজনই যখন দেখলাম রান পাচ্ছি তখন থেকেই রান তোলার পরিকল্পনা করছি। যেখানে খেলতে চাচ্ছিলাম সেখানেই বল যাচ্ছিল। তাই ভালো লাগছিল। উইকেটে টিকে থাকাই মূল পরিকল্পনা ছিলো।’ উইকেট নিয়ে সন্তোষ প্রকাশ করে ওয়াটলিং বলেন, ‘আমার মতে এটা বেশ ভাল উইকেটন। উইকেটে খুব বেশি রুক্ষতা নেই, ফাটল নেই। এখন বল নিচু হয়ে আসলেও সময়ের সাথে তাতে কিছুটা পরিবর্তন আসবে। চতুর্থ ও পঞ্চম দিনে অন্যরকম কিছু ঘটতেও পারে।’
