বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আগামীকাল শুক্রবার মায়োরকাতে বেলারুশের মুখোমুখি হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। ইউরোপীয়ান জোনে গ্রুপ-আই থেকে ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে থেকে বিশ্বকাপের চূড়ান্ত পর্বের দিকে অনেকটাই এগিয়ে যাওয়া স্পেনের মাত্র চার পয়েন্টের প্রয়োজন। তবে এর মাঝেও কোচ ভিসেন্তে দেল বস্কের কপালে চিন্তার ভাঁজ হয়ে এসেছে দলের আক্রমণভাগের দুর্বলতা।
শেষ চার পয়েন্টের লক্ষ্যে শুক্রবার র্যাঙ্কিংয়ের ৮০তম দল বেলারুশের মোকাবেলার করার চারদিন পরে জর্জিয়ার বিপক্ষে খেলতে আলবাসেটেতে যাবে স্প্যানিশ দলটি। এই দুটি ম্যাচে জয়ী হতে না পারলে তা হবে এবারের বাছাইপর্বের অন্যতম বড় অঘটন। দক্ষিণ আফ্রিকান বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে হলে এই অঘটন কোনমতেই কাম্য নয় বিশ্ব চ্যাম্পিয়নদের।
আর ম্যাচদুটোকে সামনে রেখে সাবেক রিয়াল মাদ্রিদ বসের সামনে সবচেয়ে বড় দুঃশ্চিন্তার বিষয় স্ট্রাইকিং জোন। ইতোমধ্যেই স্পেনের সর্বকালের সেরা গোলস্কোরার ডেভিড ভিয়া গোঁড়ালির ইনজুরির কারণে উভয় ম্যাচ থেকে ছিটকে পড়েছেন। ভিয়ার এ্যাথলেটিকো মাদ্রিদ সতীর্থ দিয়েগো কোস্তাকেও আপাতত পাচ্ছেন না ডেল বস্ক। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড সময়মত তার স্প্যানিশ নাগরিকত্বের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করতে ব্যর্থ হওয়া বাছাইপর্বের শেষ দুটি ম্যাচে তিনি স্পেনের হয়ে খেলতে পারছেন না। এই সুযোগে দলে প্রথমবারের মত ডাকা হয়েছে সোয়ানসি সিটি ফরোয়ার্ড মিচুকে। আগামী জুনে ব্রাজিল বিশ্বকাপে তার খেলা অনেকটাই এই সুযোগ কাজে লাগানোর উপর নির্ভর করছে।
এ সম্পর্কে ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেছেন, ‘জাতীয় দলের পক্ষে খেলা যেকোন খেলোয়াড়েরই স্বপ্ন থাকে। তার উপর দলটি যদি হয় স্পেন তবে সেই স্বপ্ন আরো একটু যেন বেশী হয়ে যায়। স্প্যানিশ জাতীয় দলের জার্সি গায়ে দেয়ার অর্থ হচ্ছে বিশ্বের সেরা দলের জার্সি গায়ে দেয়া। ম্যানেজার যে সিদ্ধান্ত নিবেন আমি সেখানেই খেলব। বিশ্বের সেরা খেলোয়াড়দের সাথে মাঠে নামার সুযোগ পাওয়াই ইতোমধ্যে আমার জন্য পুরস্কার হয়ে গেছে। তারা আমার কাছে যা চায় আমি তাই করে দেখাবো। প্রথম ম্যাচে খেলতে নামাটা সবসময়ই নার্ভাসের একটি বিষয়। কিন্তু যখন তুমি মাঠে নামবে এবং দেখবে তোমার আশেপাশে বিশ্বের সেরা খেলোয়াড়রা রয়েছে তখন সবকিছুই সহজ হয়ে যাবে। আমি এখানে বিশ্বকাপের টিকেট প্রাপ্তিতে দলকে সহযোগিতা করতে এসেছি এবং শিখতে এসেছি।’
মিচু এবং ম্যানচেস্টার সিটির আলভারো নেগরেডো ছাড়াও ডেল বস্কর কাছে সেস ফ্যাবেগ্রাসের মত স্ট্রাইকারও রয়েছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে স্প্যানিশ কোচকে সিদ্ধান্ত নিতে হবে- গোলবার রক্ষার জন্য তিনি অধিনায়ক ইকার ক্যাসিয়াস নাকি ইন-ফর্ম ভিক্টর ভালদেসের উপর আস্থা রাখবেন। গত জানুয়ারি থেকে প্রতিযোগিতামূলক ফুটবলে মাত্র ১০৫ মিনিট খেলেছেন ক্যাসিয়াস। অন্যদিকে বার্সেলোনার হয়ে এবারের মৌসুমে এখন পর্যন্ত লা লিগার সাতটি ম্যাচেই মাঠে নেমেছেন ভালদেস। তবে ক্লাব পর্যায়ে খেলার সুযোগ না পেলেও গত মাসে ফিনল্যান্ডের বিপক্ষে বাছাইপর্বে ২-০ গোলের জয়ে ক্যাসিয়াস মূল একাদশে সুযোগ পেয়েছিলেন। আগামীকালকের ম্যাচেও তার অংশগ্রহণের ইঙ্গিত পাওয়া গেছে। বাসস
আজ মাঠে নামছে যারা
ডেনমার্ক ইতালি
জার্মানি আয়ারল্যান্ড প্রজাতন্ত্র
নেদারল্যান্ডস অস্ট্রিয়া
পর্তুগাল ইসরাইল
গ্রীস স্লোভাকিয়া
ইংল্যান্ড মন্টেনেগ্রো
স্পেন বেলারুশ
