ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে অভিষেকেই দুই গোল করে সাড়া জাগানো মিডফিল্ডার আদনান জানুজাকে নিয়ে বিতর্ক দেখা দিয়েছে ইংল্যান্ডে। কারণ বেলজিয়ামে জন্মানো ও আলবেনীয় বংশোদ্ভূত এই খেলোয়াড়টিকে ইংল্যান্ড জাতীয় দলে খেলানোর জন্য চলমান আলোচনায় বাদ সেধেছেন আর্সেনালের মিডফিল্ডার জ্যাক উইলশিয়ার। তার মতে কেবল ইংলিশদেরই উচিত ইংল্যান্ডের হয়ে খেলা।
উইলশিয়ার জানিয়েছেন কেউ যদি পাঁচ বছর ইংল্যান্ডে বসবাস করে এর মানে এই নয় যে তিনি ইংরেজ হয়ে যাবেন। ইংল্যান্ড জাতীয় দলের এ খেলোয়াড় এ বিষয়ে গতকাল বুধবার ব্যাখ্যা দিয়ে টুইটারে বলেন, তিনি আদনানকে উদ্দেশ করে এ মন্তব্য করেননি। তিনি বলেন,‘আমি জানুজাকে নিয়ে এ মন্তব্য করিনি। প্রশ্ন হলো বিদেশি খেলোয়াড়দের ইংল্যান্ডের হয়ে খেলতে দেয়া হবে কিনা। আমার মত হলো আমি সেটা উচিত মনে করি না।’
আদনান তার অভিভাবকদের একজনের জন্মসূত্রে ক্রোয়েশিয়ার হয়েও খেলতে পারেন। আবার ইংল্যান্ডের হয়ে খেলতে পারেন যদি দেশটিতে তার অবস্থানের মেয়াদ পাঁচ বছর পূর্ণ হয়। ১৮ বছর বয়সী এই মিডফিল্ডার ইতোমধ্যে কেবল দুই বছর পার করেছেন। তিনি অবশ্য কোন্ দেশের হয়ে খেলবেন তা নিশ্চিত করেননি। কাজেই তার একাধিক দেশের হয়ে খেলার সুযোগ আছে।
বেলজিয়ামের সাবেক ফুটবলার ও বর্তমানে জাতীয় দলের কোচ মার্ক উইলমট আসন্ন বিশ্বকাপ বাছাইয়ে ক্রোয়েশিয়া ও ওয়েলশের বিরুদ্ধে তাকে মূল দলে রেখেছিলেন। কিন্তু অ্যান্ডারলেখট থেকে ম্যানচেস্টারে আসা খেলোয়াড়টি এতে তার অসম্মতির কথা জানান।
আদনান ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে সান্ডারল্যান্ডের বিরুদ্ধে দুই গোল দিয়ে রাতারাতি ‘হিরো’ বনে যান। ওই খেলায় দ্বিতীয়ার্ধে দেয়া তার গোল দুটির আগ পর্যন্ত কোচ ডেভিড ময়েসের দল এক গোলে পিছিয়ে ছিল।
ম্যানচেস্টার ইউনাইটেডের একটি সূত্রে বরাত দিয়ে উইলমট জানিয়েছেন আদনান আন্তর্জাতিক পর্যায়ে কোন্ দেশের হয়ে খেলবেন সে সিদ্ধান্ত এখনো নেননি।
উইলমট এ ব্যাপারে বলেন,‘আন্তর্জাতিক পর্যায়ে জানুজা কোন্ দেশের হয়ে খেলবে সে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার একান্তই তার। আমরা তার যে কোন সিদ্ধান্তকে স্বাগত জানাবো। তবে আমরা তাকে বেলজিয়ামের জার্সি গায়ে চাপানোর স্বপ্ন দেখছি।’
মূলত ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের ম্যানেজার রয় হজসন এই তরুণকে পর্যবেক্ষণ করছেন বলে জানানোর পরই তাকে খেলানোর আলোচনা জোরালো হয়। সেক্ষেত্রে তাকে ২০১৮ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এদিকে তাকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে চেলসি, ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। আবার ওল্ড ট্র্যাফোর্ডে তার বর্তমান চুক্তির মেয়াদ এক বছরের বেশি নেই বলে ক্লাবটির সমর্থকদের তরফ থেকে তাকে ধরে রাখার চাপ আছে। ময়েস অবশ্য আশা করেন ব্যতিক্রমী মেধা হওয়ার পরও ম্যানচেস্টারের হয়ে খেলতে আগ্রহী হবে ফুটবলারটি।
