এশিয়া কাপ হকির ব্যর্থতার জের ধরে কোচ মাহবুব হারুন এবং চার খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি, জাহিদ হোসেন, ইমরান হাসান পিন্টু এবং কামরুজ্জামান রানাকে কারণ দর্শাও নোটিস দিয়েছে হকি ফেডারেশন।
আগামী ২৩ অক্টোবরের মধ্যে এই পাঁচ জনকে শোকজের জবাব দিতে বলা হয়েছে। এদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ এবং অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে রিপোর্টও নাকি জমা পড়েছে ফেডারেশনে। সেই সব রিপোর্ট নিয়ে গতকাল হকি ফেডারেশন মুলতবী সভায় বসে শোকজ করার সিদ্ধান্ত নিয়েছে। ম্যানেজার, পাকিস্তানী কোচ ও তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে ফেডারেশন সভাপতি এয়ার মার্শাল এনামুল বারী জানিয়েছেন- জিমি, জাহিদ, পিন্টু ও রানার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ সংক্রান্ত অভিযোগ আছে। জিমি প্রশিক্ষণে নিয়মানুবর্তী ছিলেন না, জাতীয় দলের মধ্যে ক্লাব দলের বিষয়গুলো নিয়ে কোন্দল সৃষ্টি করেছেন, অধিনায়ক সহ-অধিনায়কের সঙ্গেও তার সম্পর্ক খারাপ হওয়ার অভিযোগ উঠেছে।
ফেডারেশন সভাপতি এ প্রসঙ্গে বলেছেন, ‘হারুনের বিরুদ্ধে বিমানবন্দরে অনৈতিক কাজের অভিযোগ পাওয়া গেছে। কী কাজ তিনি করেছেন, সেটা হারুনের সঙ্গে আমি নিজে কথা না বলে উচ্চারণ করতে চাইছি না।’
