আবারো চেনা রূপে ফিরলেন যুবরাজ সিং, তাও ভারত সফররত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার পুরনো সতীর্থ শচিন টেন্ডুলকারের বিদায় ঘোষণার দিনে। শুধু তাই নয় গত বৃহস্পতিবার রাতে রাজকোটে অনুষ্ঠিত টি-টোয়েন্টির খেলায় স্বাগতিক ভারতকে জিতিয়ে ক্যান্সার জয়ী এই ক্রিকেটার জানান দেন তিনি শচিনের বিদায়ী টেস্টে তার সাথে খেলতে চান। আর যদি সুযোগ না পান সেক্ষেত্রেও শচিনের খেলা দেখতে যাবে।
যুবরাজের ৩৫ বলে অপরাজিত ৭৭ রানের ইনিংসটিতেই ভারত অনায়াসে ছাড়িয়ে যায় অস্ট্রেলিয়ার দেয়া ২০২ রানের টার্গেট।
ভারতের হয়ে ২০০৭ এবং ২০১১ সালে অনুষ্ঠিত টি-টোয়েন্টি এবং ওয়ানডে বিশ্বকাপ জয়ে নায়ক ছিলেন যুবরাজ। যুবরাজ সিংয়ের কাছে দ্রোহই জীবনের প্রতিশব্দ। হার মানেননি ক্যান্সারের কাছেও। সেরে উঠে পাশে পেয়েছেন সতীর্থ এবং নিজ দেশের ক্রিকেট বোর্ডকে। কিন্তু ফিটনেসের অভাবে দলে নিজের জায়গা পোক্ত করতে পারেননি তখন। তারপর আবার ফিটনেস ফিরে পেয়ে দেশের হয়ে খেলার জন্য সংগ্রাম করেছেন। সেই সংগ্রামেও জয়ী হয়েছেন।
গত মাসে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে দারুণ খেলেছেন। পুরস্কারস্বরূপ ডাক পেয়েছেন জাতীয় দলে। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে দলে ফিরেই পুরনো সেই রুদ্র মূর্তিতে ফিরেছেন যুবরাজ। শুধু তাই নয়, খেলা শেষে জানান দেন, ‘যুবি আবার ফিরেছে।’ অস্ট্রেলিয়ার বিপক্ষের টি-টোয়েন্টি ম্যাচটিতে বলতে গেলে ভারতকে একাই জিতিয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। দুই ইনিংস মিলিয়ে চারশ’র বেশি রান হওয়া ম্যাচে সর্বোচ্চ রান করেন সফরকারী দলের উদ্বোধনী ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ। তারপরও সবটুকু আলো নিজের দিকেই টেনে নেন যুবরাজ।
টসে জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাট করতে পাঠান ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনী। সফরকারীরা নেমেই ঝড়ো গতিতে রান তুলতে থাকে। দলীয় ৫৬ রানে যখন প্রথম উইকেটের পতন ঘটে সে সময় পঞ্চম ওভারের খেলা চলছে। ৫২ বলে ১৪টি চার আর একটি ছয়ের সাহায্যে দুর্দান্ত ফর্মে থাকা অ্যারন ফিঞ্চের ৮৯ রানের উপর ভর করে অস্ট্রেলিয়া ৭ উইকেটে তোলে ২০১ রান। তিনটি করে উইকেট তুলে নেন ভুবনেশ্বর কুমার এবং প্রবীণ কুমার।
ধোনীর দল জবাবি পালায় ব্যাট করতে নেমেই ধাক্কা খায়। দলীয় ১২ রানে প্রথম উইকেট হারায় ভারত। ম্যাচের নবম ওভারে মাঠে নেমে যুবরাজ প্রথম চার বলে চারটি সিঙ্গেল নেন। পঞ্চম বলে চার মেরেই তাণ্ডব শুরু করেন তিনি। শেষ পর্যন্ত আটটি ছয় এবং পাঁচটি চারের মারে ইনিংসটি হাঁকিয়ে দুই বল বাকি থাকতেই ভারতকে জিতিয়ে দেন যুবরাজ।
সংক্ষিপ্ত স্কোর
ভারত-অষ্ট্রেলিয়া
অষ্ট্রেলিয়া:২০ ওভারে ২০১/৭ (অ্যারন ফিঞ্চ ৮৯, নিক ম্যাডিনসন ৩৪, গ্লেন ম্যাক্সওয়েল ২৭; ভুবনেশ্বর কুমার ৩/৩৫, বিনয় কুমার ৩/২৬)। ভারত : ১৯.৪ ওভারে ২০২/৪ (যুবরাজ সিং ৭৭*, শেখর ধাওয়ান ৩২, বিরাট কোহলি ২৯; ক্লিন্ট ম্যাককে ২/৫০, জেভিয়ার ডোহ্যার্টি ১/২৪)। ম্যান অফ দ্যা ম্যাচ : যুবরাজ সিং। ভারত ৬ উইকেটে জয়ী
