উন্নত চিমনী ব্যবহার না করা ও পরিবেশ দূষণের অভিযোগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও রূপগঞ্জের দুটি পৌরসভা এলাকার ২৭টি ইটভাটা বন্ধ বা অন্যত্র স্থানান্তরে চূড়ান্ত নোটিস দিয়েছে পরিবেশ অধিদপ্তর। তারা শীঘ্রই এসকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু করতে যাচ্ছে।
পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, ইট পোড়ানো (সংশোধন) আইন ২০০১ এর ৩(৫) ধারা অনুযায়ী দেশের সকল নব সৃষ্ট সিটি করপোরেশন বা সম্প্রসারিত অংশে, পৌরসভা কিংবা এর বর্ধিতাংশে ইটভাটা থাকতে পারবে না। সে অনুযায়ী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জের আটি এলাকার মক্কা ব্রিকস ও শাহপরান ব্রিকস, রূপগঞ্জের তারাবো পৌরসভার অন্তর্গত কর্ণগোপ এলাকার মেসার্স মদিনা ব্রিকস কোং, নাসির উদ্দিন ব্রিক, বিসমিল্লাহ ব্রিকস ম্যানুফ্যাকচারিং, এএসবি ব্রিকস, মডার্ন রোটর ব্রিক ইউনিটি কোং লিঃ, নাছির উদ্দিন ব্রিক (মেসার্স নূর এন্ড সন্স), হাকিম ব্রিকস ম্যানুফ্যাকচারিং কোং-১, হাকিম ব্রিকস ম্যানুফ্যাকচারিং কোং-২, আর এস ব্রিকস, আড়িয়াব এলাকার মাতুয়াইল ব্রিক ম্যানুফ্যাকচারিং-২, মাতুয়াইল ব্রিক ম্যানুফ্যাকচারিং-৩, এম এম ব্রিক ফিল্ড, ন্যাচারাল ব্রিকস ম্যানুফ্যাকচারিং, বরপার মেসার্স আল-বাকারা ব্রিক ফিল্ড, মাতুয়াইল ব্রিক ম্যানুফ্যাকচারিং-৩, ঐরাব পেরাব এলাকার জিলানী ব্রিক ফিল্ড, এইচ আর ব্রিকস, তেতলাবো এলাকার এল এ ব্রিকস, মাসাবো এলাকার ব্রিক ল্যান্ড লিমিটেড এবং কাঞ্চন পৌরসভার অন্তর্গত তাড়াইল এলাকার পিআরবি ব্রিকস, মোল্লা কাজী ব্রিকস, বিরাব এলাকার কাকুল ব্রিকস ম্যানুফ্যাকচারিং, হাই সুপার ব্রিকস, এমআরবি ব্রিকস ফিল্ড, বিআরবি ব্রিকস বন্ধ বা অন্যত্র স্থানান্তরের চূড়ান্ত নোটিস প্রদান করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ পরিচালক গোলাম মোহাম্মদ ভুঁইয়া জানান, অবৈধ ইটভাটাগুলো বন্ধ করতে গত ৩০ জুন পর্যন্ত সময় বেধে দেয়া হয়েছিল। শীঘ্রই অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু হবে।
কোটি টাকা আত্মসাতের
অভিযোগে গার্মেন্ট মালিকের
বিরুদ্ধে মামলা
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় টেক্সটেড উন্ড মেয়ার নামক গার্মেন্ট প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও একজন পরিচালকের বিরুদ্ধে সোয়া কোটি টাকা আত্মসাতের অভিযোগে ফতুল্লা থানায় মামলা হয়েছে। ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন জানান, টেক্সটেড উন্ড মেয়ার গার্মেন্টের শ্রমিক আকবর আলী বাদী হয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান উম্মে কুলসুম এবং ব্যবস্থাপনা পরিচালক বিল্লাল মামুনকে আসামি করে অর্থ আত্মসাতের মামলা দায়ের করেছেন।
