মুশফিক-সাকিবের দু’হাজার রান

আপডেট : ১১ অক্টোবর ২০১৩, ২১:৫৫
একই দিনে অনন্য রেকর্ড গড়লেন দুই বাংলাদেশি ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলমান টেস্টের তৃতীয় দিনে গতকাল শুক্রবার নিজেদের প্রথম ইনিংসে দুই হাজার রানের ক্লাবে ঢুকে গেলেন এই দুই ব্যাটসম্যান। ব্যাটিং পজিশনে এক ধাপ আগে নামলেও ব্যাটিংয়ে বলার মতো পারফর্ম করতে পারেননি সাকিব। ৫০ বল খেলে রান করেন ১৯। এর মধ্য দিয়ে ৩১ টেস্টে তার রান এখন ২০০৩। সাবেক অধিনায়ক ব্যর্থ হলে ঠিকই হেসেছে বর্তমান অধিনায়কের ব্যাট। স্ট্রোক সমৃদ্ধ এক ইনিংস খেলে উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম করেছেন ৬৭ রান। ৩৫ টেস্টে মুশফিকের রান এখন ২০৬০। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের তালিকায় এখনও শীর্ষস্থান ধরে রেখেছেন সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশার সুমন। ৫০টি টেস্ট খেলে ৩০.৮৭ গড়ে সাবেক এই ব্যাটসম্যান রান করেন ৩০২৬। এরপরের অবস্থানে আছেন স্পট ফিক্সিংয়ের দায়ে ক্রিকেট থেকে দূরে থাকা ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল। ৬১ টেস্টে তার রান ২৭৩৭। এরপরের তিনজন ব্যাটসম্যানই চলমান টেস্টের সদস্য। তালিকায় তৃতীয় স্থানে আছেন মুশফিকুর রহিম। চতুর্থ স্থানে থাকা ওপেনার তামিম ইকবাল ২৯ টেস্টে করেছেন ২০১০ রান। আর সাকিব আল হাসান আছেন পঞ্চম স্থানে। টেস্টে বাংলাদেশের পাঁচ সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান ম্যাচ রান হাবিবুল বাশার ৫০ ৩০২৬ মোহাম্মদ আশরাফুল ৬১ ২৭৩৭ মুশফিকুর রহিম ৩৫ ২০৬০ তামিম ইকবাল ২৯ ২০১০ সাকিব আল হাসান ৩১ ২০০৩