এখনো জয়ের সুযোগ আছে

আপডেট : ১১ অক্টোবর ২০১৩, ২১:৫৫
চলমান চট্টগ্রাম টেস্ট জয়ের ভাল সুযোগ দেখছে নিউজিল্যান্ড। গতকাল শুক্রবার জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে এমন কথাই বললেন সফরকারী দলের অন্যতম সদস্য হ্যামিশ রাদারফোর্ড। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার মতে আমরা বেশ ভাল অবস্থানে আছি। পিচের ব্যাপারে যেমনটা ভেবেছিলাম আসলে এটা তেমন নয়। পিচ অনেক বেশি ফ্ল্যাট। আমরা এখনও ৮৯ রান এগিয়ে আছি। কাল (আজ) দ্রুত ওদের বাকি উইকেট গুলো ফেলে দিতে হবে। আমাদের বোলাররা অনেক ভাল বল করছে। এই ফ্ল্যাট উইকেটেও তারা সাধ্য মতো পারফর্ম করেছে। তাই, আমাদের এখনও জয়ের বেশ ভাল সম্ভাবনা আছে।’ বাংলাদেশের ইনিংসে নিউজিল্যান্ডের বোলারদের সবচেয়ে বেশি ভুগিয়েছেন মোমিনুল হক। তার প্রসঙ্গে রাদারফোর্ড বলেন, ‘সে সত্যি অনেক ভাল ব্যাটিং করেছে। আর একবার সেঞ্চুরি হয়ে যাওয়ার পর সে আরও ভাল খেলতে শুরু করে।’ দলের বোলারদের প্রশংসা করে তিনি বলেন, ‘তারা ভাল বল করেছে। আশা করি তারা আগামীকালও (আজ) তারা ভাল করবে। চতুর্থদিনের উইকেটও বোলারদের জন্য সহায়ক হবে। এখানে গরম আর ফ্ল্যাট উইকেটের কারণে পেস বোলারদের জন্য বল করা অনেক কষ্টকর। তাও তারা নিজেদের সেরাটা খেলার চেষ্টা করেছে।’