বাংলাদেশ শেষ খেলায় আজ পাকিস্তানের মুখোমুখি

আপডেট : ১১ অক্টোবর ২০১৩, ২১:৫৬
বাংলাদেশ এএফসি অনূর্ধ্ব ১৯ ফুটবলের বাছাই পর্বে সি গ্রুপের শেষ খেলায় আজ পাকিস্তানের মোকাবেলা করবে। ইরাকের এরবিল শহরের আল হারিরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় ৪টায় শুরু হবে খেলাটি। প্রতিযোগিতার শুরুতে স্বাগতিক ইরাকের কাছে ০-৬ গোলে হারলেও বাংলাদেশ দল গত বৃহস্পতিবার রাতে ঘুরে দাঁড়িয়ে দশজন নিয়ে খেলেও কুয়েতকে ১-০ ব্যবধানে হারাতে সক্ষম হয়। খেলার ৯০ মিনিটে রুবেলের গোলে জয়ী হয় দেশের যুব ফুটবল দলটি। কিন্তু ওই খেলায় অধিনায়ক হেমন্ত লাল কার্ড পাওয়ায় পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারবেন না। গত দুই খেলায় হলুদ কার্ড পাওয়ায় একই দশায় পড়েছেন মেজবাহও। বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানায়, আসন্ন লড়াই সম্পর্কে দলের কোচ রেনে কস্তা বলেছেন,‘পাকিস্তান শক্তিশালী দল। যদিও আগের দুই খেলায় তারা দুর্ভাগ্যের শিকার হয়। সে জন্য আমরা জানি তারা আমাদের বিরুদ্ধে জয়ের চেষ্টা চালাবে। তারপরও আমরা তাদের হারাতে ভাল খেলবো।’