অ্যান্ড্রয়েডই ভরসা রাখছে অপেরা

আপডেট : ১২ অক্টোবর ২০১৩, ১৯:৫০
বর্তমানের প্রযুক্তি বিশ্বে মূলতই রাজত্ব করছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোন আর ট্যাবলেট পিসি। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও তাই এখন অ্যান্ড্রয়েডের দিকেই বাড়তি নজর দিচ্ছে। ডেস্কটপ আর মোবাইল প্ল্যাটফর্মের জনপ্রিয় ওয়েব ব্রাউজার অপেরাও তেমনি গুরুত্ব দিচ্ছে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের দিকেই। তাদের মোবাইল সংস্করণ অপেরা মিনি’র পাশাপাশি অ্যান্ড্রয়েড অপেরার ব্যবহারকারী সময়ের সাথে সাথে বাড়ছে বলেই অ্যান্ড্রয়েডের দিকে বেশি মনোযোগ দিতে বাধ্য হচ্ছে তারা। অপেরা মিনির সবচেয়ে বেশি ব্যবহারকারী রয়েছে ভারতে। গত এক বছরে সেখানে অপেরা মিনির ব্যবহারকারী বেড়েছে ২৮.৭ শতাংশ। সেই তুলনায় স্মার্টফোনে অপেরার ব্যবহারকারী বেড়েছে ১৩৬.৬ শতাংশ। আর এর মধ্যে অ্যান্ড্রয়েডে অপেরার ব্যবহারকারী বেড়েছে ৬২ শতাংশ। এই বছরে ১০০টির মতো অ্যান্ড্রয়েড ডিভাইসে বিল্ট-ইন ফিচার হিসেবেই যুক্ত হয়েছে অপেরা ব্রাউজার।