রাজশাহী পুঠিয়া উপজেলা হাসপাতালের কিছু অসাধু কর্মচারীর সহায়তায় রাতের আঁধারে নবনির্মিত ভবনের জন্য আমদানিকৃত কয়েক লাখ টাকার যন্ত্রপাতি ও ওষুধের গুদামে মালামাল চুরির অভিযোগ উঠেছে। হাসপাতালে প্রায় ১০ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দিতে উঠেপড়ে লেগেছে। বুধবার রাতে হাসপাতালের নিচতলায় রাখা নবনির্মিত ভবনের জন্য আমদানিকৃত বিভিন্ন যন্ত্রপাতি ও ওষুধের গুদাম ঘরের তালা খুলে প্রায় ২৫ কার্টুন ওষুধ চুরি হয়ে যায়। হাসপাতালের একাধিক কর্মচারী জানায়, হাসপাতালে ওষুধ চুরির ঘটনা এই প্রথম নয়। হাসপাতালের দু’জন চিকিত্সকের যোগসাজশে মাঝে মাঝে স্টোর থেকে ওষধ চুরি যায়। কিন্তু বৃহস্পতিবার ওষুধের সঙ্গে নতুন যন্ত্রপাতি চুরি হওয়ায় বিষয়টি ফাঁস হয়ে যায়। তারা আরো জানান, পুঠিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোপেন্দ্রনাথ আচার্য প্রতিদিন অফিসে আসেন না। এবিষয়ে পুঠিয়া থানার ওসি আবু ওবায়দা খান শুক্রবার জানান, হাসপাতালের পক্ষ থেকে অভিযোগ দেয়া হয়েছে। তবে এটি এখনো জিডি বা মামলা হিসেবে নথিভুক্ত হয়নি।
