কলম্বিয়া ১৯৯৮ সালের পর আবার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করলো। তিন গোলে পিছিয়ে পড়েও দেশটি গত শুক্রবার চিলির বিপক্ষে ৩-৩ ব্যবধানে ড্র করে এই কৃতিত্ব দেখায়।
আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠেয় বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে শীর্ষ দল হিসেবে আর্জেন্টিনা গত মাসেই নিজেদের খেলা নিশ্চিত করে রেখেছিল। তাই শুক্রবার এবং মঙ্গলবার অনুষ্ঠিতব্য বাছাইপর্বে শেষ দুটি ম্যাচে ইনজুরির কারণে দলের বাইরে থাকা লিওনেল মেসিহীন আর্জেন্টিনার খেলা শুধুই আনুষ্ঠানিকতা। তারপরও এজেকুয়েল লাভেজ্জির দুই গোলে ৩-১ ব্যবধানে পেরুকে হারিয়ে পুরো তিন পয়েন্ট তুলে নিয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
কলম্বিয়ার জয়ের দিনে নায়ক ছিলেন মোনাকো স্ট্রাইকার রাদামেল ফ্যালকাও। দুইবার পিছিয়ে পড়েও শেষের দিকে দুটি পেনাল্টি কাজে লাগিয়ে স্বাগতিকদের এক পয়েন্ট এনে দেন তারকা ফরোয়ার্ডটি। এই এক পয়েন্টেই কলম্বিয়ার ব্রাজিলে খেলা নিশ্চিত হয়ে যায়। এর আগে আরতুরো ভিডালের ১৯ মিনিটের পেনাল্টি এবং বার্সেলোনা উইঙ্গার অ্যালেক্সিস সানচেজের ২২ ও ২৯ মিনিটের গোলে প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল চিলি। তবে ৬৬ মিনিটে চিলির মিডফিল্ডার কার্লোস কারমোনার দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হওয়াটাও খেলায় প্রভাব ফেলে। এর ফলে বাকি সময় সফরকারীদের ১০ জনের দল নিয়েই খেলতে হয়। ৬৯ মিনিটে গুটিরেজের গোলে কলম্বিয়া গোল শোধের পালা শুরু করে। বাকি কাজটুকু সারেন ফ্যালকাও।
হতাশার এই ড্রয়ের পরেও চিলির বিশ্বকাপে ওঠার সম্ভাবনা আছে। সে জন্য চিলিকে শেষ ম্যাচে ইকুয়েডরের কাছ থেকে এক পয়েন্ট আদায় করতে হবে। অবশ্য ড্রয়ে বাধ্য হলেও ব্রাজিলে যেতে পারবে ইকুয়েডরও। উভয় দলই ২৫ পয়েন্ট করে পেয়ে বর্তমানে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে। তিন পয়েন্ট কম নিয়ে পঞ্চম স্থানে থাকা উরুগুয়েকে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠতে হলে এশিয়ার দল জর্দানের বিপক্ষে প্লে-অফ ম্যাচ খেলতে হবে।
ইকুয়েডর সর্বশেষ রাউন্ডে রাজধানী কুইটোতে ১-০ গোলে জিতে উরুগুয়েকে এরকম বিপদে ফেলে দেয়। ২০০৬ সালের জার্মান বিশ্বকাপের পর আর বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা হয়নি ইকুয়েডরের। কিন্তু এবারকার বাছাইপর্বে তারা বেশ দাপটের সাথেই এগিয়ে চলেছে। ৩০ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডের উইঙ্গার আন্তনিও ভ্যালেন্সিয়ার ক্রস থেকে জেফারসন মনটেরো দলকে এগিয়ে দেন। এরপর আর খেলায় ফিরতে পারেনি উরুগুয়ে।
এদিকে পেরুর বিপক্ষে বুয়েন্স আয়ার্সে ৩-১ গোলের জয় তুলে নিয়েছে কোচ আলেসান্দ্রো সাবেলার শিষ্যরা। ২১ মিনিটে ক্লডিও পিজারোর গোলে এগিয়ে গিয়েছিল সফরকারীরা। কিন্তু ২৩ ও ৩৫ মিনিটে লাভেজ্জির জোড়া এবং ৪৭ মিনিটে রডরিগো পালাসিওর এক গোলে আর্জেন্টিনা জয় নিয়েই মাঠ ছাড়ে।
এই অঞ্চলের অপর খেলায় ভেনেজুয়েলা ১-১ গোলে ড্র করেছে ইতোমধ্যেই বিশ্বকাপ থেকে ছিটকে পড়া প্যারাগুয়ের সাথে। বাসস/এএফপি
