উইকেটকে কঠিন মানছেন বোল্ট

আপডেট : ১২ অক্টোবর ২০১৩, ২১:৪৪
চট্টগ্রাম জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়ামের উইকেটকে কঠিন মানছেন সফরকারী দলের দুই উইকেট পাওয়া পেসার ট্রেন্ট বোল্ট। গতকাল ম্যাচের চতুর্থ দিন শেষে এমনটাই বলেছেন তিনি। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, ‘এই উইকেটে বল করা অনেক কঠিন। ফ্ল্যাট উইকেট থেকে কোন বোলারই খুব বেশি সুবিধা পাচ্ছেন না। বল দ্রুতই পুরনো হয়ে যাচ্ছে। এটা পেসারদের জন্য সত্যি অনেক বড় পরীক্ষা।’ টেস্ট ম্যাচে এখনই ড্র দেখতে পাচ্ছেন না বোল্ট, ‘হ্যা এখনও ফলাফল আসতে পারে। একটা দিন এখনও বাকি। যদি আগামীকাল (আজ) খেলা হয় তাহলে আমাদের জন্য ভাল সুযোগ থাকবে। আশা করি আবহাওয়া ভাল থাকবে আর আমরা ফলাফল পাওয়ার জন্যই মাঠে নামবো।’ চতুর্থদিনে রবিউল ইসলামকে সাথে নিয়ে নিউজিল্যান্ড বোলারদের ভালই ভুগিয়েছেন সোহাগ গাজী। এই দুই ব্যাটসম্যানের প্রশংসা করে বোল্ট বলেন, ‘তারা অনেক ভাল ব্যাট করেছে। বিশেষ করে সোহাগ গাজীর কথা আলাদা করে বলতেই হয়। সে দারুণ খেলেছে, তার ইনিংসে বেশকিছু ভাল শট ছিল। তাই এর কৃতিত্ব তারই প্রাপ্য। কিন্তু বোলারদের দিক থেকে বিবেচনা করলে সেটা ছিল সত্যিই হতাশার।’