পাকিস্তান চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ক্যালিস

আপডেট : ১৩ অক্টোবর ২০১৩, ২২:১২
সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস জানিয়েছেন তিন মাস ছুটি কাটিয়ে নতুন উদ্যম নিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তিনি । পাশাপাশি ক্যালিস এ কথাও বলেছেন যে, পাকিস্তানের বিরুদ্ধে আজ থেকে শুরু হতে যাওয়া দুই ম্যাচ টেস্ট সিরিজে মাঠে নামতে মোটেই তর সইছে না তার। ইনজুরি সমস্যা আর বিরতি শেষে মাত্র কয়েকদিন আগে ঘরোয়া ক্রিকেটে ফেরা ক্যালিস তার ১৬২ টেস্টের সর্বশেষটি খেলেছিলেন এই পাকিস্তানের বিপক্ষেই, এবছরের ফেব্রুয়ারিতে। আর ৩৭ বছর বয়সী এই তারকা একদিনের ক্রিকেটে সর্বশেষ মাঠে নেমেছিলেন তাও প্রায় দেড় বছরের বেশি। তবে সর্বোচ্চ পর্যায় থেকে এই দীর্ঘদিনের অনুপস্থিতি তার পারফরম্যান্সে নেতিবাচক কোন প্রভাব ফেলবে না বলেই ক্যালিসের বিশ্বাস। বরং, এই স্টাইলিশ ডানহাতি ব্যাটসম্যান মনে করছেন, একটানা খেলার ধকল কাটাতে এরকম একটা বিরতি তার জন্য সহায়কই হবে। ক্যালিস বলেন, ‘(ক্রিকেটে) ১৭-১৮ বছর কাটানোর পর তিন মাসের এমন একটা সময় আমার দরকার ছিল যখন আমি খেলাটার বাইরে বাকি জগত্টা নিয়ে ভাবতে পারবো। মানসিকভাবে নিজেকে চাঙ্গা করার জন্যও এটা ছিল গুরুত্বপূর্ণ।’ প্রাক-সিরিজ প্রস্তুতি ম্যাচে ৭০ রানের দারুণ একটা ইনিংস খেলা ক্যালিসের দাবি আগের যে কোন সময়ের চেয়ে এই মুহূর্তে শারীরিক এবং মানসিকভাবে ফিট আছেন তিনি, ‘আমার টাইমিং আগের যে কোন সময়ের মতোই ভালো হচ্ছে। সম্ভবত নিজের সেরা খেলাটাই আমি খেলছি। আমার বিশ্বাস, গত দুই সপ্তাহের কঠোর পরিশ্রমের ফল হিসেবেই এটা এসেছে।’ এ ভেন্যুতে দুদলের সর্বশেষ সিরিজে টানা দুটি সেঞ্চুরি করা ক্যালিস এখন অপেক্ষা করছেন পাকিস্তানের বিপক্ষে দারুণ কিছু করার জন্য। পাকিস্তানের স্পিন আক্রমণ সামলাতে তার দল যথেষ্ট দক্ষতার পরিচয় দেবেন বলেও নিজের বিশ্বাসের কথা জানিয়েছেন তিনি, ‘যদি কোন দলের কথা বিবেচনা করা হয় তাহলে আমি বলবো অন্য যে কারো চেয়ে আমরা স্পিন ভালো সামলাতে পারি। আমাদের খেলোয়াড়রা স্পিনারদের বিপক্ষে সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা নিয়েই মাঠে নামবে। উপমহাদেশে আমরা বেশ কয়েকবারই বড় স্কোর করেছি এবং আমাদের ফলাফল সেখানে আশাব্যঞ্জক ছিল।’ শ্রীলঙ্কায় ২০০৬ সালে ২-০ ব্যবধানে হারের পর এখন পর্যন্ত প্রতিপক্ষের মাঠে একটি সিরিজও না হারা প্রোটিয়ারা পাকিস্তানের বিরুদ্ধেও তাদের অতীত রেকর্ড ধরে রাখবে বলে ক্যালিসের আশাবাদ। এক্ষেত্রে পরিসংখ্যানও কথা বলছে ক্যালিসের পক্ষেই। পাকিস্তানের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার সর্বশেষ টেস্ট সিরিজ হারটি এসেছে প্রায় দশ বছর আগে। ক্যালিস কথা বলেছেন প্রতিপক্ষের সবচেয়ে বড় অস্ত্র সাইদ আজমলের বিষয়েও, ‘বিশ্বের যে কোন স্থানেই সে দুর্দান্ত একজন বোলার, তবে এখানে পরিচিত কন্ডিশনে সে নিজেকে আরো বেশি মেলে ধরতে পারে। তবে নির্দিষ্ট কোন বোলারের দিকে আমরা তাকাচ্ছি না। তাদেরকে একটা দল হিসেবেই আমরা নিচ্ছি এবং আমাদের পরিকল্পনাও সেভাবেই তাদের মোকাবেলা করা।’