জয়ের লক্ষ্যেই লড়বে মেক্সিকো

আপডেট : ১৪ অক্টোবর ২০১৩, ২১:৪৭
উত্তর আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় আজ ছয়টি দল মুখোমুখি হবে। মেক্সিকো খেলবে কোস্টারিকার বিপক্ষে, জ্যামাইকা হন্ডুরাসের বিপক্ষে এবং পানামা খেলবে আমেরিকার বিপক্ষে। তবে মেক্সিকো এবং কোস্টারিকার মধ্যকার খেলাটি সব থেকে গুরুত্বপূর্ণ। উত্তর আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষ তিনটি দল সরাসরি ব্রাজিলের টিকিট পাবে। আর চতুর্থ দলকে প্লে-অফ খেলতে হবে। নয় ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ওই অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আমেরিকা। একই সংখ্যাক ম্যাচ খেলে ১৫ ও ১৪ করে পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে আছে কোস্টারিকা এবং হন্ডুরাস। আর ১১ পয়েন্ট নিয়ে মেক্সিকো আছে চতুর্থ অবস্থানে। সরাসরি ব্রাজিলের টিকিট পেতে হলে আজকের ম্যাচে কোস্টারিকার মাঠে স্বাগতিকদের বিপক্ষে জয় তুলে নিতে হবে মেক্সিকোকে। জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামার কথা জানিয়েছেন মেক্সিকোর কোচ ভিক্টর ম্যানুয়েল ভুচেটিক, ‘আমাদের লক্ষ্য হলো কোস্টারিকাকে পরাজিত করা।’ গত শুক্রবার পানামাকে ২-১ ব্যবধানে পরাজিত করে ভুচেটিকের দলটি। ওই জয়ের ফলে চতুর্থ অবস্থানে উঠে এসেছে মেক্সিকো। পয়েন্ট টেবিলের তিন নম্বর দল হন্ডুরাস যদি আজ জ্যামাইকার সাথে ড্র-ও করে তাহলে ওশেনিয়া অঞ্চলের শিরোপাধারী নিউজিল্যান্ডের বিপক্ষে প্লে-অফ খেলতে হবে মেক্সিকোকে। তবুও সরাসরি ব্রাজিলের টিকিট পেতে চায় মেক্সিকো। পানামার বিপক্ষে প্রথম গোলটি করা অরবি পেরালতা বলেন, ‘যে কোনো ভাবেই আমাদেরকে এই ম্যাচে তিন পয়েন্ট তুলে নিতে হবে। কারণ, আমরা জানি এই ম্যাচে এক পয়েন্ট পেলে নিশ্চিতভাবেই আমাদেরকে প্লে-অফ খেলতে হবে। আমাদের ভাগ্য হন্ডুরাস এবং জ্যামাইকার ম্যাচটির উপরও নির্ভরশীল। পুরো ব্যাপারটি এখন আর আমাদের হাতে নেই।’ ১৯৯০ সাল থেকে সব ক’টি বিশ্বকাপেই অংশগ্রহণ করেছে মেক্সিকো। তাই মেক্সিকোর অধিনায়ক রাফায়েল মার্কুয়েজ জয়ের কোনো বিকল্প দেখছেন না। এদিকে পানামার বিপক্ষে আজ মাঠে নামতে পারবেন না আমেরিকার লানডোন ডোনাভার। আর এই ম্যাচে জিততে পারলে এবং আরো চতুর্থ অবস্থানে থেকে প্লে-অফ খেলে ব্রাজিলের টিকিট পেতে পারে পানামা। কোস্টারিকা যদি আজ মেক্সিকোর বিপক্ষে জয় তুলে নিতে পারে এবং একই সাথে পানামা আমেরিকাকে হারাতে পারে তাহলে তাদের সেই স্বপ্ন পূরণ হতে পারে।