ক্রীড়াঙ্গনে ঈদের ছুটি

আপডেট : ১৪ অক্টোবর ২০১৩, ২১:৪৮
প্রতিমা বিসর্জনের করুণ ধ্বনী শেষ হলেও শারদীয় উত্সবের আমেজ এখনও শেষ হয়নি। এর মধ্যেই ঈদুল আজহার উত্সবের প্রস্তুতিও সম্পন্ন। নগরবাসী ছুটি পেয়ে আপনজনদের সাথে ঈদ করতে অনেকেই গ্রামের বাড়ি চলে গেছেন। আর তাই রাজধানী যেমন ফাঁকা, তেমনি ক্রীড়াঙ্গনও ফাঁকা হয়ে গেছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফেডারেশনগুলোতে ঝুলছে তালা। কাল দুপুরে সিসিডিএম অফিসে কয়েকজন কর্মকর্তা অলস সময় কাটাচ্ছিলেন। আর কুস্তি ফেডারেশনে গিয়ে দেখা গেল চেয়ারে ঘুমাচ্ছিলেন কয়েকজন ষ্টাফ। অন্যান্য ফেডারেশনে দু’টো করে তালা ঝুলতে দেখা গেছে। ক্রিকেট,ফুটবল কিংবা অন্যান্য খেলা বলতে যা কিছু আছে সব ক্ষেত্রেই ছুটির আমেজ। চট্টগ্রামে বাংলাদেশ নিউজিল্যান্ড টেষ্ট সিরিজের প্রথম ম্যাচ শেষ করে দুই দলের খেলোয়াড়রা চলে এসেছেন ঢাকায়। বাংলাদেশ দলের ক্রিকেটারদের ছুটি দেয়া হয়েছে। প্রথম টেষ্ট ম্যাচটা ড্র করে খেলোয়াড়রা এখন ফুরফুরে মেজাজে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের ছুটি দিয়েছে ১৬ অক্টোবর ঈদের দিন পর্যন্ত। পরদিন থেকে অনুশীলন শুরু হবে দ্বিতীয় টেষ্টের প্রস্তুতির জন্য। প্রথম টেষ্টে ইতিহাস সৃষ্টি করা সোহাগ গাজী চট্টগ্রাম থেকেই চলে গেছেন তার গ্রামের বাড়ী বরিশালের পটুয়াখালীর শহরে কলাতলার বাড়িতে। সেখানে বাবা মায়ের সাথে ঈদ করবেন বিস্ময়বালক সোহাগ গাজী। আরেক সেঞ্চুরিয়ান মুমিনুল হক চলে গেছেন কক্সবাজারে। তিনিও গ্রামের বাড়িতে ঈদ করবেন। সাকিব আল হাসান হেলিকপ্টারে গেছেন মাগুরায়। তামিম ইকবাল চট্টগ্রামেই রয়ে গেছেন। দলের অন্যরাও নিজেদের বাড়ি গেছেন। নিউজিল্যান্ড ক্রিকেটাররা এখন ঢাকায় হোটেলে অবস্থান করছে। শহর ফাঁকা পেয়ে তারাও নাকি ঘুরে বেড়াচ্ছেন প্রয়োজন মতো। ফুটবলারদের কোনো অ্যাসাইনমেন্ট নেই। ক্লাব অনুশীলনও শুরু হয়নি। ঈদের পর দলবদলের জন্য প্রস্তুতি শুরু হবে। এবার অনেকেই হজ্ব পালন করতে গিয়েছেন। গোলকিপার আমিনুল হক গেছেন হজ্বে। গিয়েছেন ব্রাদার্সের ফুটবল ম্যানেজার আমের খানসহ অনেকেই। ইরাকে যুব ফুটবল শেষ করে ঢাকায় ফিরে বিমানবন্দর থেকেই যে যার মতো পরিবারের কাছে ফিরে গেছেন। ক্রীড়াঙ্গনে ছুটিতে অন্যান্য সব কিছু নিরব থাকলেও থেমে নেই শুধু বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। তারা ব্যস্ত সময় কাটাচ্ছেন ঢাকায় আসা কুইন্স ব্যাটন রীলে নিয়ে। তিন দিন ঢাকায় অবস্থান করবে ব্যাটন। ব্যস্ততা তো থাকবেই।