বসনিয়া এলো প্রথমবারের মতো

আপডেট : ১৮ অক্টোবর ২০১৩, ২০:৩১
আগামি বছর ব্রাজিলে অনুষ্ঠেয় বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে যাওয়া ৩২টি দেশের মধ্যে এ পর্যন্ত ২১টি দেশের নাম জানা গেছে। তবে গত বৃহস্পতিবার ফিফার বিশ্ব র্যাংকিং প্রকাশিত হওয়ার সুবাদে নিশ্চিত হলো ৬ ডিসেম্বরে অনুষ্ঠেয় ড্রয়ে কারা হবে আট শীর্ষ বাছাই। দেশগুলো হলো: বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, তিনবারের চ্যাম্পিয়ন জার্মানি, দু’বারের শিরোপাজয়ী আর্জেন্টিনা, কলম্বিয়া, বেলজিয়াম, সুইজারল্যান্ড ও সবচাইতে বেশি পাঁচবার বিশ্বকাপ জেতা স্বাগতিক ব্রাজিল। ফিফা র্যাংকিং অনুযায়ী উরুগুয়েও শীর্ষ বাছাইয়ের মধ্যে ঢুকতে পারবে যদি বিশ্বকাপের প্লে-অফে ২০১০ সালের সেমিফাইনালিস্ট দেশটি জর্দানের সাথে জয়ী হতে পারে। তবে দক্ষিণ আমেরিকা ও এশিয়ার মধ্যকার দুই লেগের প্লে-অফে জর্দান জিতলে, সেক্ষেত্রে নেদারল্যান্ড উঠে আসবে শীর্ষ বাছাইয়ের অবশিষ্ট দল হিসেবে। এ দেশগুলোকে গ্রুপ পর্বে একে অপরের সাথে মুখোমুখি হতে হবে না। বিশ্বকাপ বাছাইয়ের সর্বশেষ রাউন্ডের পর এদের বাইরে আরো যারা ২০১৪ সালের আসরটির জন্য যোগ্যতা অর্জন করেছে তারা হলো-ইংল্যান্ড, বসনিয়া হারজেগোবিনা, রাশিয়া, চিলি, ইকুয়েডোর, হন্ডুরাস, অস্ট্রেলিয়া, কোস্টারিকা, ইতালি, ইরান, জাপান, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। বসনিয়া এই প্রথম বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠলো। সেই সুবাদে একদা জাতিগত সংঘাতে ক্ষতবিক্ষত হওয়া বলকানের দেশটিতে আনন্দের বন্যা বয়ে যায়। বিশ্বকাপের অবশিষ্ট ১১ আসনের মধ্যে ইউরোপ থেকে আরো চারটি দেশ ব্রাজিলে যাবে। আরো পাঁচটি দেশ আসবে আফ্রিকার বাছাই পর্ব শেষে। বিশ্বকাপের শেষ দুটি আসন পাবে উরুগুয়ে ও জর্দান এবং নিউজিল্যান্ড ও মেক্সিকোর মধ্যকার আন্তঃমহাদেশীয় প্লে-অফের বিজয়ীরা। ইউরোপের অবশিষ্ট চার আসন ঠিক হবে নয় গ্রুপের মধ্যকার সেরা আট রানার্সআপের মধ্যকার ১৫ ও ১৯ নভেম্বরের ‘হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিক প্লে-অফ শেষে। এতে পর্তুগাল, গ্রীস, ক্রোয়েশিয়া ও উক্রাইন মুখোমুখি হবে ফ্রান্স, সুইডেন, রোমানিয়া ও আইসল্যান্ডের সাথে। এর আগে বিশ্বকাপের ইউরোপীয় বাছাইয়ে সর্বশেষ রাউন্ডের খেলায় স্পেন অ্যালভারো নেগ্রোডো ও হুয়ান মাতার গোলে জর্জিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে ফ্রান্সকে পেছনে ঠেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। অপরদিকে ওয়েন রুনি ও স্টিভেন জেরার্ডের গোলে নিজেদের মাঠ ওয়েম্বলিতে পোল্যান্ডের বিরুদ্ধে একই ব্যবধানে জয়ী হয়ে এ কৃতিত্ব দেখায় ইংল্যান্ড। গত মঙ্গলবার রাতের অন্য খেলাগুলোয় বসনিয়া হার্জেগোবিনা এবং রাশিয়া ইউরোপীয়ান বাছাইয়ে নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হবার সুবাদে ব্রাজিলের টিকেট পায়। দক্ষিণ আমেরিকায় সর্বশেষ রাউন্ডে আর্জেন্টিনা বিপক্ষ উরুগুয়ের মাঠে ২-৩ গোলে পরাজিত হলেও দু’বারের চ্যাম্পিয়নদের তাতে কোন সমস্যা হয়নি। কেননা তারা আগেই চূড়ান্ত পর্বের টিকেট কেটে রেখেছিল। উরুগুয়ে জিতলেও দক্ষিণ আমেরিকার জন্য সরাসরি বরাদ্দ চারটি আসন আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় প্লে-অফে খেলতে হচ্ছে। কেননা চিলি ও ইকুয়েডোর দক্ষিণ আমেরিকার জন্য নির্ধারিত চার আসনের শেষ দুটি দখল করে নেয়। মধ্য আমেরিকার দেশ হন্ডুরাস টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে নাম লেখায়। মন্টেভিডিওতে কোচ আলেসান্দ্রো সাবেলা তারকাবিহীন একটি দলকেই খেলান। ক্রিস্টিয়ান রড্রিগোয়েজ স্বাগতিকদের হয়ে প্রথম গোলটি করেন। ৩৪ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন সুয়ারেজ। তবে মিডফিল্ডার ম্যাক্সি রড্রিগোয়েজের জোড়া গোলে ২-২ গোলের সমতায় প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা। এরপর ৫০ মিনিটে এডিনসন কাভানির দুর্দান্ত গোলে জয় নিশ্চিত হয়ে উরুগুয়ের। আর্জেন্টিনা বাছাইপর্বে এ নিয়ে দ্বিতীয়বার হারলো। তাদের আগের হারটি ছিল ২০১১ সালের ১১ অক্টোবর, ভেনেজুয়েলার কাছে। আফ্রিকা অঞ্চলের বাছাই পর্বে গেলবারের পাঁচটি দেশেরই উঠে আসার সম্ভাবনা বেশি। কেননা এ মহাদেশ থেকে আলজেরিয়া, ক্যামেরুন, আইভরি কোস্ট ও নাইজেরিয়া বিশ্বকাপের পথেই আছে। দক্ষিণ আফ্রিকাতে এ চারটি দেশ ছাড়াও ছিল ঘানা যারা গত মঙ্গলবার নিজ মাঠে মিসরকে ৬-১ গোলে হারিয়েছে। আফ্রিকায় বিশ্বকাপের তৃতীয় রাউন্ডের খেলা চলছে এখন। এতে ৫২টি দেশের মধ্যকার দশটি গ্রুপের বিজয়ীরা বর্তমানে চূড়ান্ত রাউন্ডের লড়াইয়ে অংশ নিচ্ছে পাঁচটি আসনের জন্য। সবমিলিয়ে ৩২ জাতির বিশ্বকাপ ফুটবলে এখন পর্যন্ত ২১টি দেশ চূড়ান্ত পর্ব নিশ্চিত করলো। ১৯ নভেম্বর বিশ্বকাপের সব অঞ্চলের বাছাই প্রক্রিয়া শেষ হবে। বিশ্বকাপ নিশ্চিত করলো যারা স্বাগতিক: ব্রাজিল। ইউরোপ: নেদারল্যান্ড, ইতালি, বেলজিয়াম, জার্মানি, সুইজারল্যান্ড, স্পেন, ইংল্যান্ড, রাশিয়া, বসনিয়া। (পর্তুগাল, ক্রোয়েশিয়া, ইউক্রেন, গ্রীস, ফ্রান্স, সুইডেন, রোমানিয়া এবং আইসল্যান্ড প্লে অফ ম্যাচে খেলার পর নিশ্চিত হলে আরও চারটি দেশ।) দক্ষিণ আমেরিকা আর্জেন্টিনা, কলম্বিয়া, চিলি ও ইকুয়েডোর। (নভেম্বরে প্লে অফ ম্যাচে মুখোমুখি হবে জর্ডান- উরুগুয়ে)। এশিয়া: জাপান. অস্ট্রেলিয়া, ইরান, দক্ষিণ কোরিয়া।