বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ এ সপ্তাহে মাঠে নামতে গিয়ে লিওনেল মেসি ও গ্যারেথ বেলের প্রত্যাবর্তনের সুবিধা পাবে। দুটি দলই চলতি ফুটবল মৌসুমের গুরুত্বপূর্ণ সপ্তাহে পদার্পণ করতে যাচ্ছে। কেননা আগামী সপ্তাহেই স্প্যানিশ জায়ান্টরা ন্যু ক্যাম্পে মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় অংশ নেবে।
বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ এ সপ্তাহে মাঠে নামতে গিয়ে লিওনেল মেসি ও গ্যারেথ বেলের প্রত্যাবর্তনের সুবিধা পাবে। দুটি দলই চলতি ফুটবল মৌসুমের গুরুত্বপূর্ণ সপ্তাহে পদার্পণ করতে যাচ্ছে। কেননা আগামী সপ্তাহেই স্প্যানিশ জায়ান্টরা ন্যু ক্যাম্পে মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় অংশ নেবে। তাছাড়া আসছে সপ্তাহের মাঝখানে চ্যাম্পিয়ন্স লিগের খেলা, যাতে রিয়াল আতিথ্য দেবে জুভেন্তাসকে, বার্সেলোনা যাবে এসি মিলানের মাঠে।
তার আগে রিয়াল মাদ্রিদ নিজ মাঠে মালাগার মুখোমুখি হবে এ সপ্তাহে। অপরদিকে বার্সেলোনা তাদের বিপক্ষ ওসাসুনার মাঠে খেলতে যাবে। কাতালানরা লা লিগায় শীর্ষে অ্যাতলেটিকোর সাথে সমান পয়েন্টে নিজেদের অবস্থান সুসংহত করেই এগিয়ে চলেছে। সে তুলনায় রিয়াল আছে পাঁচ পয়েন্ট পেছনে। কোচ জেরার্ডো মার্টিনোর দল স্প্যানিশ লিগে এখন পর্যন্ত খেলা আটটির মধ্যে সবক’টিতেই জিতেছে। একই কৃতিত্ব দেখিয়ে চলেছে অ্যাতলেটিকোও। এখন উভয় দলের সামনেই শনিবারের খেলায় জিতে ১৯৬৮-৬৯ মৌসুমে রিয়ালের গড়া টানা নয় জয়ের লিগ রেকর্ডটির সমকক্ষ হওয়ার সুযোগ আছে।
সে জন্যই মিডফিল্ডার সের্জিও বাসকোয়েটস চান না দুর্দশায় থাকা ওসাসুনার বিরুদ্ধে তার সতীর্থরা মনোযোগ হারিয়ে ফেলুক। বিশেষ করে যখন এরপরই আছে বড় খেলাগুলো। তিনি বলেন, ‘এ খেলাটি সহজ হবে না। এমনকি আমরা এখনই রিয়াল মাদ্রিদের কথা ভাবতেও পারছি না। মনোযোগে সামান্য বিচ্যুতি হলেই তারা আমাদের উপর চড়ে বসবে। তাছাড়া লিগ রেকর্ডটি ভাঙ্গতে হলেও আমাদের পাম্পলোনায় (বিপক্ষের মাঠ) জিততে হবে। মাদ্রিদের বিপক্ষে আমাদের কিছু পয়েন্টের সুবিধা আছে। তবে আমাদের অ্যাতলেটিকোর উপরও চোখ রাখতে হবে।’
মেসির ফিরে আসাটাই শুধু স্প্যানিশ চ্যাম্পিয়নদের জন্য একমাত্র সুখবর নয়। কেননা দলে ফিরছেন দুই সেন্টার ব্যাক জাভিয়ের ম্যাশেরানো ও কার্লোস পুয়োল। দু’জনকেই দেখা যেতে পারে শনিবারের খেলায়। পুয়োল মার্চের পর আর খেলেননি। বাসকোয়েট মাঠে এবং মাঠের বাইরে তার নেতৃত্ব কতটা কার্যকর সেটাও মনে করিয়ে দেন, ‘সে ড্রেসিং রুমের গুরুত্বপূর্ণ ব্যক্তি।’
রিয়াল এদিন আগে মাঠে নামবে বলে ক্রমশ উন্নতির মধ্যে থাকা মালাগার বিরুদ্ধে জয় পেলে কিছু সময়ের জন্য শীর্ষ দুই দলের সাথে ব্যবধান কমিয়ে আনতে পারবে। কোচ কার্লো অ্যানচেলোত্তির দলটি আট খেলার মধ্যে ছটিতে জিতলেও তাদের খেলায় দাপুটেপনা নেই। কেননা এর মধ্যে আছে এলছে ও লেভান্তের বিরুদ্ধে পাওয়া শেষ মুহূর্তের দুটি জয়ও।
অ্যানচেলোত্তির জন্য সুবিধা হতে পারে বিশ্বের সবচাইতে দামি খেলোয়াড় বেল এর মাঠে ফেরা। তবে তাকে হয়তো শুরু থেকেই মাঠে নামানো হবে না। বরং খেলার কোন এক পর্যায়ে খেলতে পারেন তিনি।
এদিকে অ্যাতলেটিকোও আজ এস্পিনিয়লের মাঠে খেলতে গিয়ে নিজেদের শতভাগ জয়ের ধারা ধরে রাখার সুযোগ পাবে।-এএফপি
