পটুয়াখালীর ‘সোহাগ-বরণ’

আপডেট : ১৮ অক্টোবর ২০১৩, ২০:৩২
ক’দিন আগেই গড়েছেন অনন্য এক বিশ্বরেকর্ড। ১৩৬ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো একই টেস্টে করেছেন হ্যাটট্রিক ও সেঞ্চুরি। গ্যারি সোবার্স, ইয়ান বোথাম, জ্যাক ক্যালিসদের মতো কিংবদন্তী অলরাউন্ডারদের ঝুলিতেও নেই এই রেকর্ড। নতুন ইতিহাস রচনার পর তাই ঘরের ছেলেকে নিয়ে উচ্ছ্বাস বেশিই ছিল পটুয়াখালীবাসীর। ঈদের ছুটিতে বাড়িতে এসে বীরোচিত সংবর্ধনাই পেলেন সোহাগ গাজী। জেলা মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন গত বৃহস্পতিবার পটুয়াখালী পৌর মিলনায়তনে তার সম্মানে আয়োজন করে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের। তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। সংবর্ধনা জবাবের প্রতিক্রিয়ায় সোহাগ গাজী বলেন, বিশ্বরেকর্ডের চেয়েও আমার কাছে বড় আনন্দের এলাকাবাসীর কাছ থেকে প্রাপ্ত এই সম্মান। বেলা ১১টায় সোহাগ পৌর মিলনায়তনে প্রবেশ করলে ক্ষুদে ক্রিকেটাররা তাকে ফুল দিয়ে ও ফুলের পাপড়ি ছিটিয়ে স্বাগত জানায়। মুক্তিযুদ্ধকালীন পটুয়াখালী অঞ্চলের ডেপুটি কমান্ডার এডভোকেট হাবিবুর রহমান শওকতের সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠানে জেলা মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন, মুক্তিযোদ্ধা সংসদ, আইনজীবী সমিতি, প্রেসক্লাব, চেম্বার অব কমার্স, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, একাত্তরের নির্যাতিতা নারীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে সোহাগকে সংবর্ধিত করেন। অনুষ্ঠানে গর্বিত সন্তান সোহাগের পিতা মোঃ শাহজাহান গাজী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতি এডভোকেট হাবিবুর রহমান শওকত স্বাগত বক্তব্য রাখেন। সংবর্ধিতজন সোহাগ গাজী ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, পটুয়াখালী পৌরসভার সাবেক চেয়ারম্যান আঃ হক মিয়া, প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি কালিকাপুর ইউপি চেয়ারম্যান তানভির আহমেদ, মুক্তিযোদ্ধা বিডি হাবিবুল্লাহ, মানস কান্তি দত্ত, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের পক্ষে কাজী দেলোয়ার হোসেন, জেলা জাসদের সভাপতি এডভোকেট খন্দকার আবদুল হাই, জেলা কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক মোতালেব মোল্লা, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ জাফরউল্লাহ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন স.ম দেলোয়ার হোসেন ও সাংবাদিক জালাল আহমেদ। এর আগে সকাল ৯টায় সোহাগ গাজীর নিজ মহল্লা শহরের কলাতলার ‘কলাবাগান ক্রীড়াচক্রের’ উদ্যোগে তাকে সংবর্ধনা দেয়া হয়। সংগঠনের সভাপতি এডভোকেট এটিএম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সোহাগ গাজীর পিতা মোঃ শাহজাহান গাজী ও মাতা মোসাঃ হাচিনা বেগমকেও সংবর্ধিত করা হয়। এছাড়াও শহরের গরুর বাঁধ এলাকায় গত বুধবার রাতে ‘প্রতীক্ষা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের’ উদ্যোগে সংবর্ধনা জ্ঞাপন করা হয় সোহাগ গাজীকে।