জোয়াকিম লো ২০১৬ সাল পর্যন্ত জার্মানির কোচ থাকবেন। জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি) গত শুক্রবার তার মেয়াদ আরো দুই বছরের জন্য বাড়ায়। কিন্তু বিশ্বের অপর প্রান্তে মেক্সিকোর হেড কোচের দায়িত্ব থেকে বরখাস্ত হলেন ভিক্টর ম্যানুয়েল ভুচেতিচ।
মেক্সিকোর ফুটবল ফেডারেশন ভিক্টরকে চিঠি দিয়ে জানিয়েছে যে তিনি আর দায়িত্বে নেই। মেক্সিকোর গণমাধ্যমে বৃহস্পতিবার রাতেই খবরটি চাউর হয়। তবে ভিক্টর নিজেই পরবর্তীতে এ তথ্য নিশ্চিত করেন। এখন তার স্থলাভিষিক্ত হবেন মিগুয়েল হেরেরা। এ নিয়ে ছয় সপ্তাহের মধ্যে হেরেরা হবেন দেশটির চতুর্থ কোচ। ভিক্টর এর আগে কেবল দুটি ম্যাচে দায়িত্ব পালন করেন। খেলা দুটির মধ্যে জয় ও পরাজয় একটি করে। তার আগে হোসে ম্যানুয়েল ডে লা টোরে ও লুইস ফার্নান্দো তেনাকে গতমাসে টানা হারের কারণে বরখাস্ত করা হয়েছিল।
মধ্য আমেরিকার দেশ মেক্সিকো ১৯৯০ সালের পর এই প্রথম চূড়ান্ত পর্বে উঠতে না পারার মতো পরিস্থিতিতে পড়েছিল যুক্তরাষ্ট্রের কাছে দুই গোলে হেরে। শেষ পর্যন্ত এই অঞ্চলের বাছাইয়ে যুক্তরাষ্ট্র ৩-২ গোলে পানামাকে হারালে পোয়াবারো হয় মেক্সিকোর। কেননা এতে করে দেশটি আগামী মাসে ওশেনিয়া অঞ্চলের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই লেগের প্লে অফে খেলবে ব্রাজিল বিশ্বকাপে যাওয়ার আশায়।
ইউরোপের দুটি দেশও তাদের কোচকে বরখাস্ত করেছে। এর মধ্যে একজন হলেন পোল্যান্ডের ওয়াল্ডেমার ফোরনালিক। পোল্যান্ড বিশ্বকাপের বাছাই পর্বে ইংল্যান্ডের ওয়েম্বলিতে ২-০ গোলে পরাস্ত হওয়ার পর চাকরি যায় তার। এছাড়াও ক্রোয়েশিয়া তাদের কোচ ইগর স্টিম্যাককে স্কটল্যান্ডের কাছে ২-০ গোলে হারের পর বরখাস্ত করে।
জার্মান কোচ অবশ্য অনেকদিন ধরেই সাফল্যের সাথে দেশটির জাতীয় দলকে পরিচালিত করছেন। ৫৩ বছর বয়সী লো ২০০৬ সালের বিশ্বকাপের পর জার্মান দলের হাল ধরেন। এরপর তিনি জাতীয় দলকে ইউরো ২০০৮ এর ফাইনালে তোলেন। এছাড়াও তার অপর দুটি সাফল্য হলো ২০১০ সালের বিশ্বকাপ ও ২০১২ সালের ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে খেলানো।
তার বর্তমান চুক্তি ২০১৪ সালে শেষ হওয়ার কথা ছিল। এখন চুক্তি বাড়ানোর পর জার্মান ফুটবলের সভাপতি ওলফগ্যাং নিয়ের্শবাখ এক বিবৃতিতে বলেন,‘২০০৬ সালের বিশ্বকাপের পর থেকে দলটি সবসময়ই বিশ্বকাপ ও ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপের শীর্ষ চারের মধ্যেই আছে। জোয়াকিম লোয়ের উপর আমাদের অগাধ আস্থা। সেটারই বহিঃপ্রকাশ ঘটাতে চাই আমরা এ চুক্তির মাধ্যমে।’
