অনূর্ধ্ব ১৯ দলের উইন্ডিজ সফর

আজ জিতলেই সিরিজ বাংলাদেশের

আপডেট : ১৮ অক্টোবর ২০১৩, ২০:৩৪
ওয়েস্ট ইন্ডিজ সফরে টানা তিন ম্যাচ জয়ের পর হারলো বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। গত বুধবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ক্যারিবীয় অনূর্ধ্ব ১৯ দলের কাছে তাদের হারের ব্যবধান ৬৭ রান। এই জয়ে সাত ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-২ এ ব্যবধান কমাল স্বাগতিকরা। আজ জর্জটাউনে অনুষ্ঠিত হবে সিরিজের ষষ্ঠ ওয়ানডে; এই ম্যাচ জিতলেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে সফরকারীরা। এরপর সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২১ অক্টোবর। মেহেদি হাসানের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ সফরটা হার দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের যুবদলের। এরপর টানা তিন ম্যাচ জয়ের পর পঞ্চম ওয়ানডেতে সিরিজ জয়ের লক্ষ্যে নেমেছিল তারা। যুবায়ের হোসেনের দারুণ লেগ ব্রেকে স্বাগতিকরা ১৭৭ রানে গুটিয়ে গেলে লক্ষ্য পূরণের আভাস মিলেছিল। কিন্তু ব্যাটসম্যানরা সেভাবে জ্বলে উঠতে পারেননি। ওপেনার সাদমান হোসেনের ব্যক্তিগত ৪৯ রান ছাড়া আর কারো ব্যাট হাসেনি। এছাড়া মেহেদি (১৬) ও রাহাতুল ফেরদৌস (১০) বাদে আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাননি। ক্যারিবীয় বোলার প্রিস্টন ম্যাকসুইনের কাছে বিধ্বস্ত হয়েছে। সফরকারী ব্যাটিং লাইনআপ। বাঁহাতি এই পেসার আট ওভার তিন বলে ২০ রান দিয়ে নেন চার উইকেট। রে জর্ডান দখল করেন দুটি উইকেট। একটি করে নেন গুদাকেশ মোতি, রামাল লিউইস ও ট্যারিক গ্যাব্রিয়েল। এর আগে যুবায়ের বল হাতে চারটি উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে অল্প রানে বেঁধে দেন। বল হাতে দুটি করে উইকেট নিয়ে তাকে সঙ্গ দেন রিফাত প্রধান ও মোসাদ্দেক হোসেন। স্বাগতিকদের পক্ষে ব্যাট হাতে ওপেনার ত্যাগনারাইন চন্দরপল ইনিংস সর্বোচ্চ ৫১ রান করেন। এছাড়া শিমরন হেটমিয়ার ২৯, ত্রিস্টান কোলম্যান ও নিকোলাস পূরান সমান ২৩ রান করেন। ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯: ১৭৭/১০ (৪৬.২ ওভার; ত্যাগনারাইন চন্দরপল ৫১, শিমরন হেটমিয়ার ২৯, ক্রিস্টান কোলম্যান ২৩, নিকোলাস পূরান ২৩; জুবায়ের হোসেন ৪/২০, রিফাত প্রধান ২/২৭, মোসাদ্দেক হোসেন ২/১৯) বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ১১০/১০ (৩৮.৩ ওভার; সাদমান ইসলাম ৪৯, মেহেদি হাসান ১৬, প্রিস্টন ম্যাকসুইন ৪/২০, রে জর্ডান ২/৩০) ফল: ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব ১৯ দল ৬৭ রানে জয়ী; সিরিজ: সাত ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ ৩-২ ব্যবধানে এগিয়ে।