নিজে নিজেই কাজ করবে ‘এম-ব্লকস’ কিউব রোবট

আপডেট : ১৯ অক্টোবর ২০১৩, ১৭:৫৯
কৃত্রিম বুদ্ধিমত্তার সর্বাধুনিক গবেষণায় এখন রোবটরাও হয়ে উঠছে বুদ্ধিমান। ফলে রোবটরা নিজে থেকেই বিভিন্ন ধরনের কাজ করার উপযোগী হয়ে উঠছে। এই ধরনের গবেষণার সর্বশেষ ফসল হিসেবে এবারে ম্যাসাচুসেট ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)-এর একদল গবেষক তৈরি করেছেন এমন এক ধরনের ক্ষুদ্রাকৃতির রোবট, যেগুলো নিজে নিজেই অবস্থান পরিবর্তন করে বিভিন্ন ধরনের আকৃতি তৈরি করতে সমর্থ হবে। ছোট্ট কিউব আকৃতির এসব রোবটের নাম দেওয়া হয়েছে ‘এম-ব্লকস’। এসব রোবটের বাইরে কোনো ধরনের যন্ত্রাংশ নেই। এগুলো অভ্যন্তরীণ ‘ফ্লাইহুইল’ কৌশল ব্যবহার করে নিজেদের স্থান পরিবর্তন করে থাকে। আর একটি কিউব অপরটির সাথে লেগে থাকে চুম্বকের মাধ্যমে। এমআইটি’র কম্পিউটার সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাবরেটরির গবেষকরা জানিয়েছেন, এই ‘এম-ব্লকস’গুলো ব্রিজ কিংবা বিল্ডিংয়ের রিপেয়ারিংয়ের কাজে ব্যবহূত হতে পারে। আবার বিভিন্ন নির্মাণ কাজে যে অস্থায়ী কাঠামোগুলো তৈরি করা হয়, তার জন্যও ব্যবহার করা যেতে পারে কিউব রোবটগুলো। এই গবেষণার সাথে সংশ্লিষ্ট একজন গবেষক জন রোমানিশিন জানিয়েছেন, ‘ছোট্ট ছোট্ট এই রোবটগুলো বিক্ষিপ্তভাবেই রাখা যাবে যেকোনো স্থানে। তবে এগুলো একটি অপরটিকে সনাক্ত করতে সক্ষম। ফলে এগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করলে এরা নিজেরাই একে অপরের সাথে সংযুক্ত হয়ে প্রয়োজনমত একটি চেয়ার, মই, ডেস্ক কিংবা অন্য যেকোনো আকৃতি গ্রহণ করতে পারে। ফলে অনেক ছোট-খাট জিনিস তৈরির ঝামেলা একেবারেই কমে যেতে পারে এর ব্যবহারে।’ এই ‘এম-ব্লকস’গুলোকে বর্তমানে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে কম্পিউটার থেকে বেতার তরঙ্গের মাধ্যমে পাঠানো নির্দেশনা অনুযায়ী। তবে গবেষকরা জানিয়েছেন, নিকট ভবিষ্যতেই প্রতিটি ‘এম-ব্লকস’ রোবটে বিল্ট-ইন হিসেবেই যুক্ত করা যাবে অ্যালগরিদম। ফলে এগুলো যেকোনো পরিস্থিতিতে নিজেরাই স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম হবে এবং ভিন্ন ভিন্ন পরিবেশের সাথেও মানিয়ে নিতে পারবে। গবেষকরা আশা করছেন, ক্যামেরা এবং সেন্সর যুক্ত করে এসব রোবটের মাধ্যমে জরুরি অবস্থাতেও প্রয়োজনীয় কাজগুলো করিয়ে নেওয়া যাবে।