লিভারপুল দুই দফায় পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ১০ জনের নিউক্যাসলের কাছ থেকে এক পয়েন্ট আদায় করতে সক্ষম হয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল শনিবার রাতে অনুষ্ঠিত অপর খেলাগুলোর মধ্যে আর্সেনাল ৪-১ গোলে নরউইচকে, চেলসি ৪-১ গোলে কার্ডিফকে হারায়। অপরদিকে ম্যানচেস্টার ইউনাইটেড ১-১ গোলে সাউদাম্পটনের সঙ্গে ড্র করে।
ইয়োহান কাবায়ের ৩০ গজ দুর থেকে হাকানো দুর্দান্ত শটে নিউক্যাসল ২৩ মিনিটে এগিয়ে গেলেও বিরতির তিন মিনিট আগে পেনাল্টি থেকে সমতা আনেন স্টিভেন জেরার্ড। লুই সুয়ারেজকে ফাউলের কারণে মাপু ইয়ানগা বহিস্কৃতও হন এ ঘটনায়। তারপরও নিজ মাঠে পল ডুমেট নিউক্যাসলকে আবারো এগিয়ে দেন। কিন্তু ড্যানিয়েল স্টুরিজ ৭২ মিনিটে গোলটি শোধ করে দিলে এক পয়েন্ট পায় লিভারপুল। এছাড়াও সুয়ারেজের একটি শট ক্রসবারে লাগে। চলতি মৌসুমটি দুরন্তভাবে শুরু করা লিভারপুল অবশ্য এ ড্রয়ের পরও গত রাতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে ছিল। আট খেলায় তাদের অর্জন ১৭ পয়েন্ট। সমান সংখ্যক খেলায় আর্সেনাল ১৯ পয়েন্ট পেয়ে অবস্থান সংহত করেছে।
রিয়াল মাদ্রিদ জয়ী
এদিকে স্প্যানিশ লিগে রিয়াল মাদ্রিদ ডি মারিয়া ও ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে নিজেদের মাঠে মালাগাকে ২-০ গোলে হারায় ।
