দেশের বৃহত্ মোবাইল অপারেটর রবি’র উদ্যোগে স্মরণকালের বৃহত্ ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে শ্রীনগর ইউনিয়নের আবুল মেম্বারের দল। দ্বিতীয় ও তৃতীয় হয় ব্রাক্ষনবাড়িয়ার নাসিরনগর উপজেলার মান্নান চেয়ারম্যান ও সরাইল উপজেলার খালেক মৃধার দল।
রায়পুরা উপজেলার রাজু ঘাট মেঘনা নদীতে গতকাল শনিবার বিকালে অনুষ্ঠিত হয় এ নৌকাবাইচ। এতে পাশ্ববর্তী কিশোরগঞ্জ, ব্রাক্ষনবাড়িয়াসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় অর্ধশত নৌকা অংশ গ্রহণ করে। এসময় আবাল বৃদ্ধা বনিতাসহ হাজার হাজার নারী-পুরুষ নদীর দুপাড়ে দাঁড়িয়ে এই নৌকা বাইচ উপভোগ করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ ওবায়দুল আজম, পুলিশ সুপার খ: মহিদ উদ্দিন, রবি’র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মাতিউল ইসলাম নওশাদ, শিক্ষাবিদ কল্পনা রাজিউদ্দিন।
পুরস্কার বিতরণ শেষে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে খোলা আকাশে অসংখ্য আতশবাজি ফোটানো হয়।
