অলরাউন্ডার হাফিজ আবার পাকিস্তান দলে

আপডেট : ১৯ অক্টোবর ২০১৩, ২২:২৬
সংযুক্ত আরব আমিরাতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে পুনরায় দলে ডেকেছে পাকিস্তান। আবুধাবি, শারজাহ এবং দুবাইতে ৩০ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় ওয়ানডে সিরিজেও ১৬ সদস্যের পাকিস্তান দলের নেতৃত্ব দেবেন মিসবাহ-উল-হক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলমান টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়া হাফিজ পুনরায় ওয়ানডে দলে ফিরলেন। পাকিস্তান আবুধাবিতে গত বৃহস্পতিবার শেষ হওয়া টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সাত উইকেটে জিতে প্রায় দুই বছর ধরে অপরাজিত থাকা প্রোটিয়াসদের জয়রথ থামায়। টেস্ট দলে অন্তর্ভুক্ত হওয়ায় সিনিয়র ব্যাটসম্যান ইউনিস খানকে ওয়ানডে দলে রাখা হয়নি। তবে প্রথম টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হওয়া ওপেনার খুররম মনজুর এবং অভিষেক ম্যাচে ৭৫ রান করা আরেক ওপেনার শান মাসুদ ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্মকর্তা জানান, ‘২০১৫ সালের বিশ্বকাপকে সামনে রেখে আমরা ওয়ানডে দল প্রস্তুত করছি। সুতরাং কিছু অভিজ্ঞ খেলোয়াড়ের প্রতি আমাদের দৃষ্টি দিতে হচ্ছে।’ সিনিয়র অলরাউন্ডার শহিদ আফ্রিদিও দলে ফিরেছেন। এছাড়া দলে আছেন চার বাঁ-হাতি পেসার মোহাম্মদ ইরফান, জুনাইদ খান, ওয়াহাব রিয়াজ এবং সোহেল তানভির। পাকিস্তান দল আহমেদ শেহজাদ, নাসির জামশেদ, মোহাম্মদ হাফিজ, মিসবাহ-উল-হক, আসাদ শফিক, উমর আকমল, ওমর আমিন, শোয়েব মাকসুদ, সরফরাজ আহমেদ, শহিদ আফ্রিদি, আব্দুল রেহমান, সাঈদ আজমল, মোহাম্মদ ইরফান, জুনাইদ খান, ওয়াহাব রিয়াজ এবং সোহেল তানভির। -বাসস